Champions Trophy 2025: পাকিস্তানে থাকতে হবে না, খেলেই ফিরে যাক ভারতীয় দল! আজব প্রস্তাব মরিয়া পিসিবি-র
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যে পাকিস্তানে যাবে না সেটা ধরেই নিয়েছে পিসিবি। এই আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ড আজব মৌখিক প্রস্তাব পাঠাল বিসিসিআইকে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক পাকিস্তান সফরে ক্রিকেট নিয়ে কোনও আলোচনাই হয়নি। এরই মধ্যে কাল থেকে দুবাইয়ে শুরু হচ্ছে আইসিসির বোর্ড মেম্বারদের বৈঠক। চলবে ২১ তারিখ অবধি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পিসিবি পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে প্রথম পছন্দ ধরে অগ্রাধিকার দিচ্ছে। তবে এটাও বোর্ডের মধ্যে আলোচনা হয়ে যে ভারত সরকার ক্রিকেট দলকে পাকিস্তানে খেলার অনুমতি দেবে না। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতের ম্যাচ হতে পারে।
তবে ভারত যদি ফাইনালে ওঠে তাতে লাহোর থেকে ফাইনাল সরাতে নারাজ পিসিবি। তারা চাইছে ফাইনাল যেন লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেই হয়, এমনকী ভারত ফাইনালে উঠলেও। জানা যাচ্ছে, আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা দুবাইয়ে আয়োজনের প্রস্তাব দিতে পারে বিসিসিআই।
১৯৯৬ সালের বিশ্বকাপ ফাইনাল হয়েছিল গদ্দাফি স্টেডিয়ামে। তার আসন সংখ্যা বাড়ানো হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি ও চিফ অপারেটিং অফিসার সলমন নাসির পরিকল্পনা করেছেন, করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স ট্রফির সংস্কারের জন্য পিসিবি যে বিপুল অর্থ খরচ করেছে তা আইসিসিকে জানাতে।
এরই মধ্যে নিজেদের মুখরক্ষায় কার্যত বিসিসিআইয়ের হাতে-পায়ে পড়ছে পিসিবি। এমন প্রস্তাবও দেওয়া হয়েছে যে ভারত চার্টার বিমানে লাহোরে গিয়ে সেদিনই দেশে ফিরে আসুক। এ জন্য দিল্লি কিংবা চণ্ডীগড় বা মোহালিতে ভারতীয় দলের জন্য শিবিরের বন্দোবস্ত করার মৌখিক প্রস্তাবও দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মার্চের ৯ তারিখ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও মার্চের ২ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ভারত পাকিস্তানে না গেলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হতে পারে। পাকিস্তানকে আয়োজক রেখে গোটা টুর্নামেন্ট অন্যত্র সরানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে তা হলে পিসিবির মুখ পুড়বে।
সে কারণে মরিয়া হয়ে ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজনেও প্রস্তুত পিসিবি। কারণ, যে জায়গাগুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ার কথা তার মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তের কাছেই লাহোর। উল্লেখ্য, এর আগে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারত। তা আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। এবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তখন আইসিসির চেয়ারম্যান পদে থাকবেন জয় শাহ। ফলে পাকিস্তানের উপর চাপ বাড়ছে।












Click it and Unblock the Notifications