Champions Trophy 2025: করাচিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তান ও নিউজিল্যান্ডের একাদশ কেমন হতে পারে?
Champions Trophy 2025: কাল থেকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
সম্প্রতি পাকিস্তানের মাটিতে অপরাজেয় থেকে ত্রিদেশীয় সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। দুরন্ত ছন্দে ছিলেন স্পিনাররা। পাকিস্তান অবশ্য হ্যারিস রউফের প্রত্যাবর্তনে শক্তিবৃদ্ধির সুযোগ পাচ্ছে।

আইসিসি ইভেন্টে পিচ সাধারণত ব্য়াটিং সহায়ক হয়। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩৫২ তোলার পরও পাকিস্তান ম্যাচ জিতে নেয়। এই মাঠে সর্বাধিক দলগত রানের রেকর্ড গড়ে। কিন্তু ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৪২ রানে থামে। নিউজিল্যান্ড ২৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল।
করাচিতে গরম পড়েছে। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বৃষ্টিতে ম্যাচ ব্যাহত হওয়ার আশঙ্কা নেই। নিউজিল্যান্ড ও পাকিস্তান দলের মধ্যে একটি মিলও রয়েছে। নিউজিল্যান্ড ২০০০ সালে এবং পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জেতে। এই দুটি ফাইনালেই হারতে হয়েছিল ভারতকে।
পাকিস্তান ও নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ডই জিতেছে তিনবার। পাকিস্তান খেতাব দখলে রাখতে চাইবে। দেশের মাটিতে খেলায় প্রত্যাশার চাপও রয়েছে। তবে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান বুঝিয়ে দিয়েছেন, তাঁদের ছোট করে দেখালেও ক্ষতি নেই। তাতে জয় নিশ্চিত করতে সুবিধাই হয়।
২০২৩ সাল থেকে ধরলে দুই দেশের পারস্পরিক ১১টি ওডিআই দ্বৈরথে নিউজিল্যান্ড জিতেছে পাঁচটিতে, হেরেছে ৬টিতে। তবে শেষ চারটি দ্বৈরথের মধ্যে কিউয়িদের জয় এসেছে তিনটি ম্যাচে।
পাকিস্তান কালকের ম্যাচে পূর্ণশক্তির দল নামাতে পারবে। কারণ, হ্যারিস রউফ চোট সারিয়ে বোলিং করেছেন নেটে। পাক অধিনায়ক রিজওয়ানের আশা, রউফের কালকের ম্যাচে খেলতে অসুবিধা হবে না। ২১টি ওডিআইয়ে শতরান নেই বাবর আজমের ব্যাটে। সেটি পাকিস্তানের কিছুটা চিন্তার বিষয়।
নিউজিল্যান্ড অবশ্য ধাক্কা খেয়েছেন। তাঁরা পরিকল্পনা সাজিয়েছিল লকি ফার্গুসন ও বেন সিয়ার্সকে রেখে। কিন্তু এই দুই পেসারই ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। রাচিন রবীন্দ্র ফিল্ডিং করতে গিয়ে কপাল ফাটিয়েছিলেন। তিনি নেটে স্বাভাবিক ছন্দে থাকলেও তাঁকে খেলানোর বিষয়ে ধোঁয়াশা রেখেছে নিউজিল্যান্ড।
রবীন্দ্রকে খেলানোর ঝুঁকি না নিলে উইল ইয়ং ওপেন করবেন ডেভন কনওয়ের সঙ্গে। ফার্গুসনের জায়গায় কাইল জেমিসনকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও কালকের ম্যাচের আগে তিনি করাচিতে পৌঁছতে পারছেন না।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- রাচিন রবীন্দ্র বা উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও'রোর্ক।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- ফখর জামান, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সলমন আঘা, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।












Click it and Unblock the Notifications