Champions Trophy 2025: জার্সিতে পাকিস্তান লেখার নিয়ম না মানলে শাস্তির কোপ, অবস্থান স্পষ্ট করল আইসিসি
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার জার্সি বিতর্ক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি, বিসিসিআইয়ের আপত্তি রয়েছে জার্সিতে পাকিস্তান লেখা থাকলে।
এরপরই অবস্থান স্পষ্ট করে দিল আইসিসি। সাফ জানিয়ে দিল, নিয়ম সকলের জন্যই প্রযোজ্য।

আইসিসির ইভেন্টে আয়োজক দেশের নাম লেখা থাকে জার্সিতে। ১৯৯৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম আইসিসির গ্লোবাল ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০১৭ সালের পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের লোগোর সঙ্গেই থাকবে আয়োজক দেশের নাম। এ ক্ষেত্রে লেখা থাকবে- পাকিস্তান। যদি কোনও দেশ অন্য পথে হাঁটে তাহলে কড়া শাস্তির নিদানও রয়েছে টুর্নামেন্টের নিয়মে।
আইসিসি সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, জার্সিতে টুর্নামেন্টের লোগো ও আয়োজক দেশের নাম রাখা অংশগ্রহণকারী দেশগুলিরই দায়িত্ব। সকলেই এই নিয়ম মেনে চলতে বাধ্য।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে জানানো হয়েছে, ভারতের কোনও সংবাদমাধ্যম বা সংবাদ সংস্থা তাদের সঙ্গে জার্সির বিষয় নিয়ে কথা বলেনি। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের কোনও ম্যাচ পাকিস্তানে দেওয়া হয়নি, সবই হবে দুবাইয়ে।
এদিকে, একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুর্নামেন্টের অফিসিয়াল প্রেস কনফারেন্স ও অফিসিয়াল ফোটোশ্যুটের জন্য অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তেও অনড় রয়েছে বিসিসিআই। তবে অন্যত্র এগুলি আয়োজন করা হলে বিসিসিআইয়ের আপত্তি নেই।
পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই সকলের নজর। পাকিস্তানের তরফে বারবারই অভিযোগ করা হচ্ছে, বিসিসিআই-ই ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশাচ্ছে। আইসিসির চেয়ারম্যান আবার জয় শাহ। ফলে নিশ্চিতভাবেই কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications