Champions Trophy 2025: পাকিস্তানে যাবেন না! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন ভারতীয় আম্পায়ার
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের ফোটোশ্যুট বা সব ক্যাপ্টেনকে নিয়ে সাংবাদিক সম্মেলন হচ্ছে না। ফলে রোহিত শর্মাকেও যেতে হবে না পাকিস্তানে।
ভারতীয় দলও পাকিস্তানে যাবে না বলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। এবার পাকিস্তানে যাবেন না বলে টুর্নামেন্ট থেকেই সরে গেলেন ভারতীয় আম্পায়ার নীতিন মেনন।

আইসিসির এলিট প্যানেলে এই মুহূর্তে ভারত থেকে রয়েছেন একমাত্র নীতিন মেনন। তিনি ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন। আইসিসি যে ম্যাচ রেফারি বা আম্পায়ারদের নাম প্রকাশ করেছে, সেখানে অবশ্য নীতিনকে কিছু কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আইসিসি ১২ জন আম্পায়ার ও ৩ জন ম্য়াচ রেফারির নাম প্রকাশ করেছে। তাতে নেই নীতিনের নাম। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। ফলে আইসিসি সব সময় নিরপেক্ষ আম্পায়ারদের রেখে যে ম্যাচ পরিচালনা করানোর নীতি মেনে চলে, তাতে নীতিনের দুবাইয়ে দরকার পড়বে না।
নীতিনকে আম্পায়ার হিসেবে রাখা হলে তাঁকে যেতে হতো পাকিস্তানে। সূত্রের খবর, পাকিস্তানে যাবেন না বলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন নীতিন। এ প্রসঙ্গে বিসিসিআইও কিছু জানায়নি।
ম্যাচ রেফারি হিসেবে রাখা হচ্ছে অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে ও জিম্বাবোয়ের অ্যান্ড্রু পাইক্রফটকে। তিনজনেই খুব অভিজ্ঞ। বুন ম্যাচ রেফারি ছিলেন ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও। এবারের টুর্নামেন্টের খেলাগুলি দুবাইয়ের পাশাপাশি হবে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে।
আট দলের প্রতিযোগিতায় এবার যে ১২ জন আম্পায়ার রাখা হয়েছে তাঁদের মধ্যে ৬ জন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ছিলেন বলে জানিয়েছে আইসিসি। তাঁদের মধ্যে অন্যতম রিচার্ড কেটলবরো, যিনি ফাইনাল খেলিয়েছিলেন।
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলিয়েছিলেন কেটলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ। তাঁদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাবেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, পল রাইফেল, রড টাকার। তাঁরাও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
এ ছাড়াও থাকছেন মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, শরফুদ্দৌলা ইবনে শাহিদ, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন। এঁরা সকলেই ২০২৩ সালের বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন।












Click it and Unblock the Notifications