Champions Trophy 2025: ভারতীয় দলের অস্বস্তি বাড়ল, বাবার মৃত্যুসংবাদ পেয়ে দেশে ফিরলেন বোলিং কোচ
Champions Trophy 2025: কাল থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের অভিযান শুরু বৃহস্পতিবার। বাংলাদেশের মুখোমুখি হবেন রোহিত শর্মারা।
তার আগে ভারতীয় শিবির বড় ধাক্কা খেল। আচমকাই দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল।

ভারতীয় দল গত ১৫ ফেব্রুয়ারিই পৌঁছে গিয়েছে দুবাইয়ে। তার পরের দিন থেকেই জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে মেন ইন ব্লু। কিন্তু গতকালই মর্নি মরকেল দেশে ফিরে গেলেন। দলের বোলিং কোচের না থাকা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মরকেলের বাবা প্রয়াত হয়েছেন। শোকবিহ্বল মরকেল এরপরই দেশে ফিরেছেন। আদৌ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়। একেই জসপ্রীত বুমরাহর মতো দেশের ১ নম্বর বোলার নেই। এই পরিস্থিতিতে মরকেল না থাকায় বোলারদের প্রস্তুত করার বাড়তি দায়িত্ব নিতে হবে বাকি সাপোর্ট স্টাফদের।
বুমরাহর অনুপস্থিতিতে ভারতের জোরে বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। দুবাইয়ে ভারত সব ম্যাচ খেলবে। সে কথা মাথায় রেখে একঝাঁক স্পিনার রয়েছেন দলের সঙ্গে। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের একাদশে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা। বরুণ চক্রবর্তীও কিছু ম্যাচে খেলবেন।
ভারতীয় দল দুবাইয়ের আইসিসি আকাদেমিতে টানা দুদিন প্র্যাকটিস করেছে। আজ ভারতীয় দল কোনও অনুশীলন করবে না। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে কাল সেরে নেবে চূড়ান্ত অনুশীলন। একদিনের আন্তর্জাতিকে ভারত ৩২টি ম্য়াচে বাংলাদেশকে হারিয়েছে, হেরেছে ৮টিতে।
নিরপেক্ষ কেন্দ্রে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতেছে ৮টি ওডিআই, ২টি জিতেছে বাংলাদেশ। যদিও শেষ পাঁচটি সাক্ষাতে বাংলাদেশ তিনবার ভারতকে হারিয়েছে। শেষ হারিয়েছে ২০২৩ সালে এশিয়া কাপে। ২০২২ সালে নিজেদের দেশে ওডিআই সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ২৩ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ।












Click it and Unblock the Notifications