Marcus Stoinis: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঝটকা অস্ট্রেলিয়ার, ওডিআই থেকে অবসর স্টইনিসের
Marcus Stoinis: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সমস্যা বাড়ছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। সেদিনই চমকপ্রদ ঘোষণা মার্কাস স্টইনিসের।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা এই তারকা অলরাউন্ডার আচমকা অবসর নিলেন একদিনের আন্তর্জাতিক থেকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁর বিকল্প ক্রিকেটার নিতে হবে অস্ট্রেলিয়াকে।

বছর ৩৫-এর স্টইনিস গত নভেম্বরে পারথে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছেন। ২০১৫ সালে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৭১টি ওডিআইয়ে ৬৪টি ইনিংসে ১৪৯৫ রান করার পাশাপাশি স্টইনিসের ৪৮টি উইকেট রয়েছে। ১টি শতরান ও ৬টি হাফ সেঞ্চুরিও রয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, টি২০ ক্রিকেটে মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত নিলেন স্টইনিস। তিনি বলেন, অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই ক্রিকেটের সফর অসাধারণ। প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারা সব সময় আমি উপভোগ করি।
অস্ট্রেলিয়ার হয়ে ২০২৩ সালে বিশ্বকাপ জেতা স্টইনিস আরও বলেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমার মনে হচ্ছে ওডিআই থেকে সরে দাঁড়িয়ে কেরিয়ারের পরবর্তী অধ্যায়ে ফোকাস করার এটিই সেরা সময়। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাঁর সাপোর্টই পেয়ে থাকি বরাবর।
স্টইনিস ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই ১১৭ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। সেই ম্যাচে তিনি ৪৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও পান। ২০১৮-১৯ মরশুমে স্টইনিস অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হয়েছিলেন।
অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, আমাদের ওডিআই দলে বিগত প্রায় এক দশক ধরে স্টইনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি যেমন অসাধারণ ক্রিকেটার, তেমনই ভালো মানুষ। ন্যাচরাল লিডার স্টইনিস আমাদের দলের জনপ্রিয় এক ক্রিকেটার। ওডিআই কেরিয়ার ও নানা কীর্তির জন্য তাঁকে অভিনন্দন।












Click it and Unblock the Notifications