Champions Trophy 2025: অভিযান শুরুর আগেই জোর ধাক্কা খেল নিউজিল্যান্ড, ছিটকে গেলেন ফার্গুসন
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরুর আগেই জোর ধাক্কা খেল নিউজিল্যান্ড। কাল করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছেন মিচেল স্যান্টনাররা।
তার আগেই চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার লকি ফার্গুসন। নিশ্চিতভাবেই এতে পেস বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হলো কিউয়িদের।

নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে জানানো হয়েছে, রবিবার করাচিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে একটি স্পেল করার পরেই ডান পায়ের পাতায় যন্ত্রণা অনুভব করেন ফার্গুসন। এরপর তাঁর চোট পরীক্ষা করে দেখার পরই স্পষ্ট হয়ে যায়, আর এই টুর্নামেন্টে খেলা সম্ভব নয় ফার্গুসনের।
যেহেতু টুর্নামেন্ট খুব বেশিদিন ধরে চলবে না এবং যে ফরম্যাটে খেলা হবে তাতে ফার্গুসনকে রেখে ঝুঁকি নেয়নি কিউয়ি ম্যানেজমেন্ট। তাঁকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশে। সেখানে রিহ্যাব শুরু হবে। ফার্গুসনকে না পাওয়া যে দলের কাছে ধাক্কা তা মেনে নিয়েছেন হেড কোচ গ্যারি স্টিড।
স্টিডের কথা, আমাদের বোলিং বিভাগের একজন গুরুত্বপূর্ণ সদস্য লকি। মেজর টুর্নামেন্টগুলিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ফলে তাঁর ছিটকে যাওয়া আমাদের কাছে হতাশাজনক। তিনি নিজেও মেজর ইভেন্ট খেলতে মুখিয়ে ছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং চাই খুব শীঘ্রই তিনি মাঠে ফিরুন।
লকি ফার্গুসন নিউজিল্যান্ডের হয়ে ৬৪টি ওডিআই ইনিংসে হাত ঘুরিয়ে ৯৯টি উইকেট পেয়েছেন। ইনিংসে চার উইকেট নিয়েছেন ২ বার, ১ বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে তিনি ৩ ওভারের বেশি বল করতে পারেননি, ১৭ রান দিয়ে উইকেটও পাননি।
ফার্গুসনের স্থলাভিষিক্ত হলেন আরেক জোরে বোলার কাইল জেমিসন। তিনি ২০২৩ সালে শেষবার নিউজিল্যান্ডের হয়ে ওডিআই খেলেছেন, বাংলাদেশ সফরে। জেমিসন ১৯টি টেস্টে ৮০ উইকেটের মালিক। ১৩টি টি২০ আন্তর্জাতিকে রয়েছে ১০ উইকেট। ১২টি ওডিআই ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন ১৪টি উইকেট।
নিউজিল্যান্ডের হেড কোচ স্টিড আশাবাদী, পাকিস্তানের উইকেটে জেমিসনের সাফল্যের বিষয়ে। স্টিডের কথায়, জেমিসনের বলে গতি ও অতিরিক্ত বাউন্স রয়েছে। যা পাকিস্তানের কন্ডিশনে কার্যকরী হতে পারে। রিয়াল পেস আর এনার্জি- জোরে বোলারদের যে গুণ দরকার, তা রয়েছে জেমিসনের। সুপার স্ম্যাশেও তিনি দেখিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পাওয়ার ক্ষমতা রাখেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক ঘোষিত দলে পরিবর্তনের সময়সীমা শেষের পর চোট পান ফার্গুসন। তার ফলে জেমিসনকে নেওয়ার ক্ষেত্রে আইসিসির অনুমোদন নিতে হলো নিউজিল্যান্ড দলকে।












Click it and Unblock the Notifications