Champions Trophy 2025: জয় শাহ আইসিসির সদর দফতরে, পাকিস্তানকে হাইব্রিড মডেল মানার পরামর্শ
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট আজও কাটল না। তবে আইসিসির তরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ফের বলা হলো, হাইব্রিড মডেল মেনে নিতে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে বৈঠক ডাকছে আইসিসি। এদিনই দুবাইয়ে আইসিসির সদর দফতরে গিয়েছেন নতুন চেয়ারম্যান জয় শাহ।

আইসিসির বোর্ড মেম্বার হিসেবে রয়েছেন ১৫ জন। তাঁদের সিংহভাগই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পক্ষে। ফলে ভোটাভুটি হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ধাক্কা খাওয়া নিশ্চিত। কিন্তু তা বুঝেও পিসিবিকে সময় দেওয়া হলো।
আজই চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারতো। কিন্তু জানা যাচ্ছে, পাকিস্তান শনিবারের বৈঠকেই নিজেদের চূড়ান্ত অবস্থান জানাবে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান হাইব্রিড মডেল শেষ অবধি মেনে নেবে। ভারতের ম্যাচগুলি এবং সেমিফাইনাল ও ফাইনাল-সহ সর্বাধিক ৫টি খেলা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে।
হাইব্রিড মডেল মানার জন্য পিসিবি যে ৪-৫টি শর্ত দিয়েছিল, সেগুলি আইসিসি মানবে বলেও মনে করা হচ্ছে। যার অন্যতম, ভারত পরবর্তী আইসিসি ইভেন্টগুলি আয়োজন করলে পাকিস্তান দল ভারতে পাঠানো হবে না। সেগুলিও হাইব্রিড মডেলে করতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ৫টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে সরলে পিসিবির লোকসানের বিষয়টি বিবেচনা করে আইসিসি সেই ক্ষতি মেটাতে পদক্ষেপ করুক, এই শর্তটি মেনে নেওয়া হতে পারে। ভারত, পাকিস্তান ও অন্য একটি দেশকে নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে ত্রিদেশীয় আয়োজনের যে প্রস্তাব দিয়েছে পিসিবি তা আইসিসি বা বিসিসিআই মানবে না বলেই খবর।
পিসিবি চাইছে, ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখা হোক। তাহলে পাকিস্তান সব গ্রুপ ম্যাচ দেশে খেলতে পারে। সেটিও আইসিসি মানবে না বলেই খবর। কেন না, ওই ম্যাচকে কেন্দ্র করে বিপুল আর্থিক লাভ হয়। সর্বোপরি, এই প্রস্তাবে বড় আপত্তি আসবে সম্প্রচারকারী সংস্থার তরফেই।
ফলে যা পরিস্থিতি তাতে শনিবারই ঘোষণা করে দেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। ভারতের তিনটি ম্যাচ দুবাইয়েই হবে। ভারত সেমিফাইনালে উঠলে সেটিও হবে সংযুক্ত আরব আমিরশাহীতেই। ফাইনালও। ফলে সবদিকের চাপে পাকিস্তান বেশ কোণঠাসা। শেষ অবধি পাকিস্তান সরে দাঁড়ায় কিনা সেটাও দেখার। তবে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় তেমন পদক্ষেপ করতে পারবে না পিসিবি, তেমনটাই মনে করা হচ্ছে।
১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই হবে বলে খবর। আজ জয় শাহ আইসিসির বোর্ড মেম্বারদের পাশাপাশি আইসিসির সদর দফতরের আধিকারিক, কর্মীদের সঙ্গে মিলিত হয়েছেন। ব্রডকাস্টার ওয়ার্কশপে সম্প্রচারকারী সংস্থার কর্তাদের সঙ্গেও তাঁর কথা হয়েছে।












Click it and Unblock the Notifications