CT 2025, IND vs BAN: স্পিন-অস্ত্রেই বাংলাদেশকে ঘায়েল করতে চাইছে ভারত, রোহিত ও শান্তদের একাদশ কেমন হতে পারে?
CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল অভিযান শুরু করছে ভারত। দুবাইয়ে রোহিত শর্মার দলের সামনে বাংলাদেশ। ধারেভারে এগিয়ে থেকেই শুরু করবে মেন ইন ব্লু।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাবি করেছেন, তাঁর দল যে কোনও প্রতিপক্ষকেই হারাতে প্রস্তুত। তবে এটাও টের পাচ্ছেন, ভারতের বিরুদ্ধে জেতার কাজ মোটেই সহজ নয়।

ভারত স্পিন-অস্ত্রেই ঘায়েল করতে চাইবে বাংলাদেশকে। ইংল্যান্ডকে দেশের মাটিতে ওডিআই সিরিজে উড়িয়ে দিয়ে বিশ্বের ১ নম্বর ওডিআই দল ভারত আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। ভারত কালকের ম্যাচে তিন স্পিনার নিয়েই নামবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের অধিনায়ক ভরসা রাখছেন পেসার ও অলরাউন্ডারদের উপর। ইংল্যান্ডের ব্যাটারদের তুলনায় বাংলাদেশের ব্যাটাররা স্পিন ভালো খেলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ব্যাটাররা রান পেয়েছেন। তাঁরা দ্রুত মানিয়ে নিতে পারবেন, আশা নাজমুল হোসেন শান্তর।
ভারত যেমন ইংল্য়ান্ডকে উড়িয়ে দেওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, সেখানে বাংলাদেশ ওডিআই খেলবে বেশ কিছুদিনের বিরতির পর। গত ডিসেম্বরে বাংলাদেশ ০-৩ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওডিআই সিরিজ হেরেছিল। যে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগই পায়নি।
ভারতীয় দলে ব্যাটিং বিভাগে রদবদল হবে না। উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুলই খেলবেন। স্পিনার ও স্পিন-বোলিং অলরাউন্ডার মিলিয়ে একাদশে থাকার সম্ভাবনা অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই শাকিব আল হাসান ও লিটন দাস। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর উপর অনেকটাই নির্ভর করতে হবে বাংলাদেশকে। বিপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী তানজিদ হাসানও ব্যাটিংয়ের ক্ষেত্রে বড় ভরসা। বোলিং বিভাগে শান্তর বাংলাদেশ কাজে লাগাতে চাইবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের অভিজ্ঞতা।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, মেহিদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।












Click it and Unblock the Notifications