CT 2025, IND vs PAK: রোহিতরা জিতলেই সেমিতে, ছিটকে যাবেন রিজওয়ানরা, ভারত ও পাকিস্তানের সম্ভাব্য ১১
CT 2025, IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জিতলেই রোহিত শর্মারা পৌঁছে যাবেন সেমিফাইনালে।
পাকিস্তান হেরে গেলে বিদায় নেবে টুর্নামেন্ট থেকেই। ম্যাচ শুরু ভারতীয় সময় বেলা আড়াইটেয়।

ওডিআই ফরম্যাটের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ মিলিয়ে শেষ ১২টি দ্বৈরথে ভারত ১১টির মধ্যে ৯টিতেই হারিয়েছে পাকিস্তানকে, ২টিতে হেরেছে, ১টি পরিত্যক্ত। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই শেষবার পাকিস্তান জিতেছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ হয়েছে ৫ বার। তার মধ্যে তিনটিতে জিতেছে পাকিস্তান। ২০১৭ সালের ফাইনালে সর্বশেষ জয়টি এসেছিল। এ ছাড়া ২০০৪ সালে বার্মিংহ্যাম ও ২০০৯ সালে সেঞ্চুরিয়নে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হারে পাকিস্তানের কাছে। যথাক্রমে ৩ উইকেটে ও ৫৪ রানে।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহ্যামেই ভারত পরাস্ত করেছিল পাকিস্তানকে। সেই জয় এসেছিল ৮ উইকেটে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি-র দ্বৈরথে ভারত বার্মিংহ্যামে পাকিস্তানকে হারায় ১২৪ রানে। যদিও ফাইনালে ওভালে হারতে হয়েছিল ১৮০ রানে।
কালকের ম্যাচে দুই দলে নজর থাকবেন বিরাট কোহলি ও বাবর আজম। দুজনেই বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে চাইবেন। প্রথম ম্যাচে বাবরের মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে। বিরাট কোহলি স্পিনারের বিরুদ্ধে দুর্বলতা কাটাতে মরিয়া। ১৫ রান করলে তিনি ওডিআইয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছোঁবেন দ্রুততম ব্যাটার হিসেবে।
দুই দলের বোলিং লাইন আপের দ্বৈরথও কালকের ম্যাচের অন্যতম আকর্ষণ। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহদের পাল্টা রয়েছেন মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পাণ্ডিয়া। স্পিন আক্রমণের নিরিখে অবশ্য অনেকটাই এগিয়ে ভারত।
ভারত বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ফ্রেশ পিচে খেলা হলেও পিচ ক্রমাগত মন্থর হয়ে যায়। ফলে ব্যাট করা ছিল চ্যালেঞ্জিং। শিশির পড়ছে না। কালকের উইকেটের চরিত্রও তেমনই থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের একাদশে রদবদলের সম্ভাবনা নেই। পাকিস্তান দলে পরিবর্তন অবশ্যম্ভাবী। ছিটকে গিয়েছেন ফখর জামান। কালকের ম্যাচে বাবর আজমের সঙ্গে ওপেন করতে নামবেন ইমাম উল হক। এ ছাড়া পাকিস্তান দলে আর পরিবর্তনের সম্ভাবনা নেই।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- ইমাম উল হক, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সলমন আঘা, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।












Click it and Unblock the Notifications