CT 2025, IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্মৃতিমেদুর সৌরভ, বেছে নিলেন পছন্দের দ্বৈরথগুলি
CT 2025, IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ দুবাইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। আজ রোহিত শর্মারা জিতলেই পৌঁছে যাবেন সেমিফাইনালে।
পাকিস্তান যদি হেরে যায় তাহলে বিদায় নেবে গ্রুপ পর্ব থেকেই। ফলে পাকিস্তান জোর টক্কর দিতে চাইবে। তবে ভারতকেই আজকের ম্যাচে এগিয়ে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ মনে করছেন, পাকিস্তান ম্য়াচে ভারতীয় দলের একাদশে রদবদল হবে না। ভারত ও নিউজিল্যান্ডই সেমিফাইনালে যাবে বলে তাঁর ধারণা। অন্য গ্রুপ থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আশাবাদী সৌরভ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যেভাবে বিশ্বকাপে খেলেছে।
অস্ট্রেলিয়া দলে নেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড। তা সত্ত্বেও গতকাল রেকর্ড রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছে অজিরা। সৌরভ বলেন, অস্ট্রেলিয়াকে হেলাফেলা করা যায় না। তাদের খেলার যা ধারা ও প্রচুর ভালো ক্রিকেটার দলে থাকায়। কিন্তু পাকিস্তানের পাটা উইকেটে তাদের ভালো বল করতে হবে।
ওয়ানইন্ডিয়ার প্রশ্নের উত্তরে সৌরভ বেছে নিলেন ভারত-পাক দ্বৈরথে নিজের পছন্দের ম্যাচগুলি। সৌরভ বলেন, ১৯৯৮ সালে ইন্ডিপেন্ডেন্স কাপে ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে শতরান করেছিলাম (১৩৮ বলে ১২৪)। কানাডার টরন্টোয় পাঁচ ম্যাচের সিরিজে ব্যাটিং, বোলিং করেছি। উল্লেখ্য, সৌরভ ২২২ রান করার পাশাপাশি ১৫ উইকেট নিয়ে সিরিজ-সেরা হন। পঞ্চম ম্যাচে ১৩৬ বলে ৯৬ করেছিলেন।
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পাশাপাশি সৌরভের কথায় উঠে এলো পাকিস্তান সফরে যাওয়ার কথা। সৌরভ বলেন, আমি তিনবার পাকিস্তান সফরে গিয়েছি। অধিনায়ক হিসেবে যাই ২০০৪ সালে। সেবারই প্রথম ভারত পাকিস্তানের মাটিতে টেস্ট ও একদিনের সিরিজে জেতে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো নিঃসন্দেহে ভালো স্মৃতি। উল্লেখ্য, সেবার ভারত টেস্ট সিরিজ জেতে ২-১ ব্যবধানে। তার আগে ওডিআই সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে।
সৌরভ বলেন, আমি জাভেদ মিয়াদাঁদের সেই ছয় দেখেছি। তারপর দেখেছি ভারত কীভাবে উন্নতি করে প্রতি ফরম্যাটে পাকিস্তানকে হারিয়েছে। টেস্ট আমার ব্যক্তিগত সর্বাধিক স্কোর পাকিস্তানের বিরুদ্ধে (২০০৭ সালে বেঙ্গালুরুতে ৩৬১ বলে ২৩৯)। পাকিস্তানের বিরুদ্ধে অনেক ক্রিকেট খেলেছি, ওদের খেলা দেখেছি। তবে গত ১৫-২০ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বৈরথ একপেশে হয়ে গিয়েছে। ভারত অনেক ভালো দল। কাউকে খাটো না করেই বলছি। ভারতকে হারাতে পাকিস্তানকে অনেক ভালো খেলতে হবে। ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাবের বড় দাবিদার।












Click it and Unblock the Notifications