CT 2025, IND vs PAK: পাকিস্তানকে হারাতে ভারতের চাই ২৪২, আজহারকে পিছনে ফেলে নজির বিরাটের
CT 2025, IND vs PAK: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে হারাতে ভারতের প্রয়োজন ২৪২ রান। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৪১ রান তুলেছে।
সাউদ শাকিল অর্ধশতরান করেন। চার রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি অধিনায়ক মহম্মদ রিজওয়ান। কুলদীপ যাদব পেলেন তিন উইকেট। হার্দিক পাণ্ডিয়ার ঝুলিতে ২ শিকার।

পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৫২। ১০.১ ওভার থেকে ৪০ ওভারের মধ্যে ওঠে ১৩১ রান, তিন উইকেট খুইয়ে। তার মধ্যে ৩৪ থেকে ৩৭তম ওভারে ১৯ বলের মধ্যে ১১ রান তোলার ফাঁকে তিনটি উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তানকে প্রথম ছয় মারার জন্য অপেক্ষা করতে হয় ৪২তম ওভার পর্যন্ত। ৪৩তম ওভারে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। চতুর্থ ও পঞ্চম বলে তিনি ফিরিয়ে দেন সলমন আঘা (২৪ বলে ১৯) ও শাহিন শাহ আফ্রিদিকে (১ বলে ০)। আঘার ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। আফ্রিদি লেগ বিফোর থেকে বাঁচতে রিভিউ নেন, লাভবান হননি।
বাবর আজম পাঁচটি চারের সাহায্যে ২৬ বলে ২৩ রান করলেন। ফের তিনি বড় রান পেতে ব্যর্থ। ফখর জামানের পরিবর্তে সুযোগ পাওয়া ইমাম উল হক ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে অক্ষর প্যাটেলের সরাসরি থ্রো-র জেরে রান আউট হন, ২৬ বলে ১০ রান করে।
এরপর অধিনায়ক মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। সেই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। রিজওয়ান বোল্ড হন ৭৭ বলে ৪৬ রান করে, তিনি মেরেছেন তিনটি চার। সাউদ শাকিল পাঁচটি চারের সাহায্যে করেন সর্বাধিক ৭৬ বলে ৬২।
তৈয়াব তাহির ৬ বলে ৪ রানের বেশি করতে পারেননি। নাসিম শাহ করেন ১৬ বলে ১৪, তিনি কুলদীপ যাদবের তৃতীয় শিকার। নাসিমের ক্যাচটি ধরে মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি। এটি ওডিআইয়ে তাঁর ১৫৭তম ক্যাচ, আজহারের আছে ১৫৬টি। খুশদিল শাহের ক্যাচ ধরায় বিরাটের মোট ওডিআই ক্যাচের সংখ্যা ১৫৮।
৪৯তম ওভারের শেষ বলে হ্যারিস রউফ (৭ বলে ৮) রান আউট হলে পাকিস্তানের নবম উইকেটের পতন ঘটে। ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। খুশদিল শাহ ২টি ছয়ের সাহায্যে করলেন ৩৯ বলে ৩৮ রান। কোনও রান না করে অপরাজিত থাকেন আব্রার আহমেদ।
কুলদীপ যাদব ৯ ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ৮ ওভারে ৩১ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। অক্ষর প্যাটেল ১০ ওভারে ৪৯, হর্ষিত রানা ৭.৪ ওভারে ৩০ ও রবীন্দ্র জাদেজা ৭ ওভারে ৪০ রানের বিনিময়ে একটি করে উইকেট পেলেন। মহম্মদ শামি ৮ ওভারে ৪৩ রান খরচ করে উইকেট পাননি।শেষ ৯.৪ ওভারে পাকিস্তান ৫৮ রান তোলার ফাঁকে পাঁচ উইকেট খুইয়েছে।












Click it and Unblock the Notifications