CT 2025 Final, IND vs NZ: ধোনিকে ছোঁয়ার পাশাপাশি অধিনায়কত্বের নজিরে শ্রেষ্ঠও হতে পারেন রোহিত, সামনে বড় সুযোগ
CT 2025 Final, IND vs NZ: ভারত কাল নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই ভারত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির কীর্তি স্পর্শ করবেন রোহিত শর্মা।
ইতিমধ্যেই ভারত তথা বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে চারটি আইসিসি ইভেন্টের ফাইনালে নেতৃত্ব দেওয়ার অনন্য নজিরটি সুরক্ষিত করে ফেলেছেন হিটম্যান। কাল হবে তার বাস্তবায়ন।

রোহিত এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ৫০ ওভারের বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ ফাইনালে। ধোনি ২০০৭ ও ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন। ICC WTC ফাইনালে দেওয়ার সুযোগ পাননি।
ধোনি টি২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছেন। রোহিত জিতেছেন টি২০ বিশ্বকাপ, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে অধিনায়ক হিসেবে আইসিসি খেতাব জেতার নজির হবে ২টি। বিরাট কোহলির ক্ষেত্রে যা শূন্য।
ভারত অধিনায়কদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০০ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। বিরাট দিয়েছেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ধোনি ছাড়া টি২০ ও ৫০ ওভার- দুটি ফরম্যাটেই আইসিসির খেতাব অধিনায়ক হিসেবে জেতার নজির আর কারও নেই। রোহিত তা স্পর্শ করার সুযোগ পাবেন সম্ভবত শেষবারের জন্য। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে ভারত উঠলেও খেতাব অধরাই থেকে গিয়েছিল।
রোহিতের জন্য আরেকটি বড় মাইলস্টোন অপেক্ষায়। চ্যাম্পিয়ন হলে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব কটি ম্যাচ জেতার নজির গড়বে। ২০২৩ সালের বিশ্বকাপেও সেই সুযোগ ছিল। ক্লাইভ লয়েড ও রিকি পন্টিং ছাড়া কোনও অধিনায়ক একাধিক আইসিসি ইভেন্টে ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রেখে দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি।
লয়েডের নেতৃত্বে সব ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ জিতেছিল। রিকি পন্টিংয়ের নেতৃত্বে সব ম্যাচ জিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয় ২০০৩ সালের বিশ্বকাপ, ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
এ ছাড়া অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা ১৯৯৬ সালের বিশ্বকাপ, হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বে নিউজিল্যান্ড ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ও সনৎ জয়সূর্যর নেতৃত্বে শ্রীলঙ্কা ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (যুগ্ম চ্যাম্পিয়ন) একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়।
এ ছা়ড়া ব্রায়ান লারার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জেতে অপরাজেয় থেকে। ফলে রোহিতের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হলে সেটিও হবে নজির। কারণ, দুটি আইসিসি ইভেন্টে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হওয়ার নজির অধিনায়ক ধোনির নেই।












Click it and Unblock the Notifications