Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশিত, ভারত-পাকিস্তান দ্বৈরথ-সহ রোহিতদের সব ম্যাচ দুবাইয়ে
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলে হবে তা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি। আজ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দেওয়া হলো।
ভারত-পাকিস্তান দ্বৈরথ-সহ মেন ইন ব্লুর সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। পাকিস্তানে খেলা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে।

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জেতে পাকিস্তান। তারপর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফেরাচ্ছে আইসিসি। দীর্ঘ টালবাহানার পর প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, টুর্নামেন্ট শুরু ১৯ ফেব্রুয়ারি, করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে।
ভারত অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে রোহিত শর্মাদের সামনে বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইতেই ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
Check out the full fixtures for the ICC Champions Trophy 2025. pic.twitter.com/oecuikydca
— ICC (@ICC) December 24, 2024
২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফেব্রুয়ারির ২২ তারিখ লাহোরে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ। তার পরের দিন সেখানেই অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ।
ফেব্রুয়ারির ২৬ তারিখ লাহোরে আফগানিস্তান খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হবে। ২৮ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। ১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ।
ফলে দেখা যাচ্ছে, গ্রুপ পর্বের ম্যাচ তিনটি হবে করাচিতে, তিনটি লাহোরে, তিনটি রাওয়ালপিন্ডিতে এবং তিনটি দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচ হবে ১৯ দিন ধরে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকেই। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোনও আইসিসি ইভেন্টের আয়োজক দেশ পাকিস্তান।
মার্চের ৪ তারিখ প্রথম সেমিফাইনাল দুবাইয়ে অনুষ্ঠিত হবে। রিজার্ভ ডে ৫ মার্চ। মার্চের ৫ তারিখ দ্বিতীয় সেমিফাইনাল লাহোরে, রিজার্ভ ডে ৬ মার্চ। ৯ মার্চ ফাইনাল হওয়ার কথা লাহোরে। তবে ভারত ফাইনালে গেলে সেটি হবে দুবাইয়ে। ফাইনালের রিজার্ভ ডে ১০ মার্চ।
গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড। ভারত সেমিফাইনালে উঠবে ধরে নিয়ে প্রথম সেমিফাইনাল রাখা হয়েছে দুবাইয়ে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে তা খেলবে নিজেদের দেশেই। আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন, ২০১৭ সালের পর জনপ্রিয় টুর্নামেন্ট ফিরছে। ঐতিহ্যশালী সাদা জ্যাকেটের জন্য লড়াইয়ে ৮টি দেশ। দুবাইয়ে আইসিসির সদর দফতর রয়েছে। ফলে সেখানেই নিরপেক্ষ ভেন্যু হওয়ায় খুশি জয়।












Click it and Unblock the Notifications