Champions Trophy 2025: পাকিস্তানের মাথায় পড়বে বাজ! চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঠিক হবে আইসিসির বৈঠকেই
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে, পাকিস্তান থাকছে কিনা, এই সবটাই পরিষ্কার হতে পারে চলতি সপ্তাহে। ২৯ নভেম্বর বোর্ড মিটিং ডাকল আইসিসি।
রবিবার থেকেই আইসিসির চেয়ারম্যান হচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। তার আগে বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলে শুক্রবারই শেষবার আইসিসির বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করবেন।

আইসিসির বোর্ড মিটিংয়ে অংশ নেন ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে থাকেন তিন অ্যাসোসিয়েট দেশের প্রতিনিধি, একজন স্বাধীন ডিরেক্টর, আইসিসির চেয়ারম্যান ও সিইও। শুক্রবার ভার্চুয়ালি সেভাবেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে বলে উল্লেখ ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে।
তবে জানা যাচ্ছে, পাকিস্তানকে বিশেষ পাত্তাই দিচ্ছে না আইসিসি। আইসিসি পিসিবিকে জানিয়েছিল বিসিসিআইয়ের অবস্থান। ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে দল পাঠাবে না। এর পাল্টা পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে জানতে চায় বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের কারণ।
আরও বেশ কিছু প্রশ্নের উত্তরও পিসিবি চেয়েছিল আইসিসির কাছে। যদিও তার উত্তর এখনও মেলেনি বলে পিসিবি সূত্রে খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসীন নাকভি সম্প্রতি জানিয়েছেন, তিনি জটিলতা কাটাতে প্রয়োজনে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবেন।
পাকিস্তান এখনও অনড় রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশেই পুরোটা আয়োজন করতে। ভারত অবশ্য সংযুক্ত আরব আমিরশাহীতেই নিজেদের ম্যাচগুলি খেলতে চাইছে। বিশেষ করে দুবাইয়ে। কিন্তু পিসিবি হাইব্রিড মডেলের বিরোধিতা করছে।
জানা যাচ্ছে, এই অচলাবস্থা কাটাতে আইসিসি ভোটাভুটিতে যেতে পারে। আর তাতেই পাকিস্তানের মাথায় পড়বে কাজ! কেন না, সেক্ষেত্রে বিসিসিআইয়ের পক্ষেই যে সমর্থন বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
১৯ ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি উইন্ডো রয়েছে এই টুর্নামেন্টের। গ্লোবাল ইভেন্টের সূচি সাধারণত ১০০ দিন আগেই ঘোষণা করে আইসিসি। এ ক্ষেত্রে তা হয়নি। বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা দিন পনেরো আগে জানানো হয়েছিল পিসিবিকে। তারপরও জটিলতা কাটেনি।
পিসিবি চেয়ারম্যান নাকভি আবার পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার। তিনি ইসলামাবাদে ব্যস্ত রয়েছেন ইমরান খানের দলের রাজনৈতিক প্রতিবাদ আন্দোলন সামাল দিতে। আইসিসি সিইও বোর্ড মিটিংয়ের কথা জানালেও এখনও প্রতিক্রিয়া মেলেনি। পাকিস্তান সরে দাঁড়ালে তাদের ছাড়াও টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটতে পারে আইসিসি।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ভার পাকিস্তান পায় ২০২১ সালে। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছে আইসিসি। তবে যা পরিস্থিতি তাতে হাইব্রিড মডেলেই হবে টু্নামেন্ট। নয়তো গোটা টুর্নামেন্ট সরতে পারে পাকিস্তান থেকে। ভোটাভুটিতে হারলে পাকিস্তান কী করে সেটাই বড় প্রশ্ন। কিন্তু তাদের অনড় অবস্থানকে বিন্দুমাত্র আমল দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications