Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ডেডলক ভাঙতে মহা চাল! নেওয়া হচ্ছে বিরাট সিদ্ধান্ত
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জটিলতা কাটাতে পার্টনারশিপ ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে আইসিসি। উল্লেখ্য, আজই আইসিসির চেয়ার হয়েছেন জয় শাহ।
২০২৫ থেকে আপাতত তিন বছরের জন্য নতুন ফর্মুলা লাগু করার সিদ্ধান্ত হচ্ছে। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি-সহ গ্লোবাল টুর্নামেন্টের সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে না আইসিসিকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র উল্লেখ করে জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে পিসিবিকে যে অতিরিক্ত অর্থ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তা নাকচ করেছে পাক বোর্ড। তারা এমন পদক্ষেপ চাইছে যাতে মানরক্ষা হয়।
আর সেখানেই আসছে নয়া পার্টনারশিপ ফর্মুলা। সেই ফর্মুলা অনুযায়ী, পাকিস্তান তাদের ম্যাচগুলি নিজেদের দেশে খেলবে। শুধু ভারতের বিরুদ্ধে তারা খেলবে দুবাইয়ে গিয়ে। একইভাবে ভারত আয়োজিত টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে খেলতে হলে সেটিও দুবাইয়ে গিয়েই খেলবে পাকিস্তান।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আপাতত তিন বছরের জন্য এই বন্দোবস্ত করা হলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতার অবসান হবে। পিসিবির দাবি, এই ফর্মুলা মেনে নিতে বিসিসিআইকেও পরামর্শ দিচ্ছে আইসিসি।
তাতে আইনি জটিলতার সমস্যাও থাকবে না। আইসিসি, বিসিসিআই ও পিসিবি একসঙ্গে এই ফর্মুলা মেনে নিলে তা বাকি দেশগুলিকে জানিয়ে দেওয়া হবে। তাতে আইসিসি বোর্ড মিটিং ডাকার আলাদা করে আর দরকার পড়বে না। দরকার হবে না ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ারও।
তবে এটাও ঠিক, ভোটাভুটি হলে পিসিবির হার অবধারিত। পাকিস্তান চাইছে কোনওরকমে মুখরক্ষার বন্দোবস্ত। তারাও বুঝছে, পাকিস্তানকে ছাড়াও টুর্নামেন্ট হতে পারে। ফলে অনেক তর্জন-গর্জন করলেও শেষ অবধি হাইব্রিড মডেল মানতেই হবে। আর সে কারণেই নিজেদের মুখ বাঁচাতে পিসিবি বলে চলেছে, সম্মান ও সাম্য বজায় রেখেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়। একপেশে সিদ্ধান্ত মানা হবে না।
বিসিসিআইয়ের তরফে বা আইসিসির তরফে অবশ্য পার্টনারশিপ ফর্মুলা নিয়ে কিছু বলা হয়নি। নিরাপত্তার কারণেই ভারত পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে না। গত বছর পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ খেলতে এ দেশে এলেও ভারত সে দেশে যায়নি এশিয়া কাপ খেলতে। হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ। তবে পার্টনারশিপ ফর্মুলা মেনে নেওয়া হলে, আগামী তিন বছর অন্তত ভারতে বা পাকিস্তানে দুই দেশের দ্বৈরথ হবে না। কয়েক দিনের মধ্যেই যাবতীয় বিষয় পরিষ্কার হয়ে যাবে।












Click it and Unblock the Notifications