Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে লাহোরের অনুষ্ঠান স্থগিত রাখল আইসিসি, কারণ কী?
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকারের পরই লাহোরের অনুষ্ঠান স্থগিত করল আইসিসি। কাল লাহোর থেকে টুর্নামেন্টের সূচি ঘোষণার কথা ছিল।
কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত না মেলাতেই ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পাঠানো হবে বলে আইসিসিকে মৌখিকভাবে জানায় বিসিসিআই। পিসিবি গতকাল অবধি জানিয়েছিল তাদের আইসিসি কিছু জানায়নি।

টুর্নামেন্টটি যেহেতু আইসিসির, ফলে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকেই জানিয়েছে বিসিসিআই। আইসিসির জানানোর কথা আয়োজক দেশ পাকিস্তানকে। পিসিবি বারবার দাবি জানাচ্ছিল, ভারত যেন তাদের অবস্থান লিখিতভাবে জানায়। তা নিয়ে পাক সরকারের সঙ্গে কথা বলবে বোর্ড। যদিও বিসিসিআই লিখিতভাবে কিছুই জানায়নি।
পিসিবি চাইছিল আইসিসি যাতে সোমবার লাহোর থেকেই সূচি ঘোষণা করে দেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন ছাড়া গতি নেই। পাকিস্তানকে আয়োজক দেশ রেখে ভারতের ম্যাচগুলি দুবাইয়ে আয়োজনের সম্ভাবনাই জোরালো। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
কাল লাহোরে একটি বিশেষ অনুষ্ঠানের কথা ভাবা হয়েছিল। যাতে আইসিসির সঙ্গে পিসিবির কর্তারাও হাজির থাকতেন। টুর্নামেন্ট শুরুর ১০০ দিনের কাউন্টডাউনের সূচনা করেই সূচি ঘোষণার পরিকল্পনা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানই স্থগিত রাখা হলো। তা 'বাতিল' বলা হচ্ছে না।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, আইসিসির কেউ সরকারিভাবে বলছেন না যে, কালকের অনুষ্ঠান থেকে সূচি ঘোষণার কথা ছিল। পিসিবি সূত্রে জানা যাচ্ছে, এটি টুর্নামেন্ট বা ব্র্যান্ডিং লঞ্চের অনুষ্ঠান ছিল। ট্রফি ট্যুরের সূচনাও হতো। কিন্তু লাহোরের ধোঁয়াশা তথা পরিবেশ দূষণের কারণেই এই অনুষ্ঠান বাতিল করা হলো।
লাহোরে পরিবেশ দূষণ কমলে এই অনুষ্ঠান পরে আয়োজন করা হবে বলেও জানানো হচ্ছে। ফেব্রুয়ারির ১৯ তারিখ শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। পিসিবি ও অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে আলোচনা করে যথাসময়েই আইসিসি সূচি ঘোষণা করবে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি দুবাইয়ে আইসিসি বোর্ড মিটিংয়েই জানিয়ে দেওয়া হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হবে ১১ নভেম্বর। তারপরই বিসিসিআই আইসিসিকে জানায় পাকিস্তানে দল না পাঠানোর কথা। ফলে পরিস্থিতি বদলেছে অনেকটাই। সংযুক্ত আরব আমিরশাহীতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হতে পারে ভেবে আগে থেকেই তৈরি ছিল আইসিসি। তহবিলও রেডি রাখা হয়েছে। এখন দেখার সূচি কবে প্রকাশিত হয়।












Click it and Unblock the Notifications