Champions Trophy 2025: রউফের চোট নিয়ে চিন্তায় পাকিস্তান, রিজওয়ানদের সেরা একাদশ কেমন হতে পারে?
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এবার নামছে খেতাব দখলে রাখার লক্ষ্যে। যদিও তার ঠিক আগে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে গিয়েছে নিউজিল্যান্ডের কাছে।
সাইম আয়ুবের মতো ক্রিকেটার চোটের কারণে ছিটকে গিয়েছেন। এবার অনিশ্চয়তার মেঘ হ্যারিস রউফকে নিয়ে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় চোট পান রউফ। সাইড স্ট্রেইনের সমস্যা। এরপর এই সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলানো হয়নি রউফকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায়, চোট গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি ফিট হয়ে যাবেন।
যদিও বিষয়টির সঙ্গে সহমত নন প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির। তাঁর মতে, রিহ্যাবের মাধ্যমে এই ধরনের চোট পুরোপুরিভাবে সারতে ছয় সপ্তাহ লেগে যায়। তবে যদি স্টিফনেস থাকে তাহলে আলাদা কথা। আর যদি গ্রেড ১ বা ২-এর সাইড স্ট্রেইন থেকে থাকে তাহলে রউফ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না।
এমনকী এই টুর্নামেন্টে জোর করে নামানো হলে তা রউফের কেরিয়ারের ক্ষেত্রে বড় ঝুঁকি হতে যেতে পারে। পাকিস্তান সম্প্রতি অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ জিতলেও নিজেদের দেশে ত্রিদেশীয় সিরিজে শুধু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। নিউজিল্যান্ডের কাছে হেরেছে দু-বার।
মহম্মদ রিজওয়ান, আঘা সলমনদের ফর্ম কিছুটা স্বস্তি দিলেও মিডল অর্ডার সেভাবে ভরসা দিতে পারছে না। চিন্তায় রাখছে বাবর আজমের ফর্ম। ফখর জামন দলে ফিরে ভালো খেলেছেন। পাকিস্তানের মূল শক্তি পেস অ্যাটাক। বিশেষজ্ঞ স্পিনার বলতে শুধু আব্রার আহমেদ। তাঁর সঙ্গে হাত ঘোরাবেন খুশদিল শাহ, আঘা সলমনরা।
১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান দ্বৈরথ। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সামনে বাংলাদেশ। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাক দলে থাকা ফখর জামান ও বাবর আজমই এবারের দলেও রয়েছেন।
পাকিস্তান ২০১৭ সালে খেতাব জিতলেও তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। সাতবারের মধ্যে ৪ বারই বিদায় নিয়েছে সেমিফাইনালের আগে। ভারতের বিরুদ্ধে ম্যাচকে গুরুত্ব দিলেও খেতাব দখলে রাখাই যে গুরুত্বপূর্ণ এবং সেটাই যে পাখির চোখ, তা স্পষ্ট করে দিয়েছেন আঘা সলমন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- ফখর জামান, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), আঘা সলমন, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।












Click it and Unblock the Notifications