CT 2025 Final: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই ভারতের নীল জার্সিতে শেষবার নামবেন রোহিত? তুঙ্গে জল্পনা
CT 2025 Final: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। ভারতের নীল জার্সিতে এটিই রোহিত শর্মার শেষ ম্যাচ হতে পারে বলে তুঙ্গে জল্পনা।
গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। রবিবার দুবাইয়েও কি বড় ঘোষণার পথে হাঁটবেন হিটম্যান?

২০০৯ থেকে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রোহিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০টি ওডিআই খেলেছেন। ২৮টি ইনিংসে ১ বার অপরাজিত থেকে রান করেছেন ৯৯৭। ২টি শতরান ও পাঁচটি অর্ধশতরান কিউয়িদের বিরুদ্ধে রয়েছে রোহিতের।
২০১৭ সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই শতরান পূর্ণ করেন রোহিত। ১৩৮ বলে ১৪৭ রান করেছিলেন। ২০২৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে ইন্দোরে করেন ৮৫ বলে ১০১। বিশ্বকাপের লিগ পর্বে করেন ৪৬, সেমিফাইনালে ৪৭।
রোহিত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে করেন ১৭ বলে ১৫ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ওডিআই সিরিজে শতরান পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় রান পাননি রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে করেন ৪১। পাকিস্তান ম্য়াচে ২০ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে করেন ২৮।
রোহিত শর্মার ক্রিকেটীয় ভবিষ্যৎ চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই নির্ধারিত হবে বলে জানা গিয়েছিল। রোহিতের ফিটনেস নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ব্যাট হাতেও তিনি চেনা ছন্দে নেই, ধারাবাহিকতা দেখাতে পারছেন না।
টি২০ বিশ্বকাপ জেতার পর যেমন এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন, ঠিক তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ওডিআই থেকে অবসর নিলে মাথা উঁচু করেই বিদায় নিতে পারবেন। কেন না, সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির (৩টি আইসিসি খেতাব) পর অধিনায়ক হিসেবে ২টি আইসিসি ট্রফি জেতার হাতছানি রয়েছে রোহিতের সামনে।
তাছাড়া রবিবার ফাইনালে আরেকটি বিশ্বরেকর্ড গড়তে চলেছেন রোহিত। অধিনায়ক হিসেবে যে নজির আর কারও নেই। তা হলো, রোহিতই বিশ্বের প্রথম অধিনায়ক যিনি ওডিআই ও টি২০ বিশ্বকাপ, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি- চারটি আইসিসি ইভেন্টেরই ফাইনালে অধিনায়কত্ব করার নজির গড়তে চলেছেন।
রোহিতের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবেই হেড কোচ গৌতম গম্ভীর, নির্বাচক প্রধান অজিত আগরকর ও বিসিসিআই কর্তাদের কথা হবে। ভারত ফাইনালে জিতলে ভালো কথা, হারলে আরও ত্বরান্বিত হতে পারে রোহিতের মতো সিনিয়রদের ভবিষ্যৎ নির্ধারণের পথ।
২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপ রোহিত খেলবেন, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। ইতিমধ্যেই বিভিন্ন দেশের সিনিয়র তারকারাও অবসর নিতে শুরু করেছেন। নিজেদের দেশকে পরবর্তী ওডিআই বিশ্বকাপের দল গঠনের জন্য, তরুণ ক্রিকেটারদের প্রস্তুতির পথ সুগম করে দিতে। বিরাট কোহলি ওডিআইয়েও যা ফর্মে রয়েছেন তাতে তাঁকে নিয়ে চর্চা আপাতত বন্ধ। কিন্তু রোহিত বড় সিদ্ধান্ত নিতেই পারেন। আবার পালাবদল প্রক্রিয়া মসৃণ রাখতে আরও কিছুদিন খেলা চালিয়েও যেতে পারেন।












Click it and Unblock the Notifications