Champions Trophy 2025: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চিন্তায় পাকিস্তান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ফখর জামান
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই চিন্তায় পাকিস্তান। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান।
প্রথম ওভারেই বিপত্তি। ম্যাচের দ্বিতীয় বলের পরই চোট নিয়ে মাঠ ছাড়লেন ফখর জামান।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ওভারটি করতে যান শাহিন শাহ আফ্রিদি। সামনে ছিলেন উইল ইয়ং। প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে কভার ড্রাইভ মারেন ইয়ং। আউটফিল্ড ফাস্ট থাকায় বল বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে।
ফখর জামান অনেকটা দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে বল ধরেন। এই বলটিতে তিন রান নেয় নিউজিল্যান্ড। কিন্তু বলটি সহ ফিল্ডারের হাতে দিয়েই ফখর ইশারা করেন পরিবর্ত ফিল্ডার নামানোর জন্য। ডাইভ দিতে গিয়েই চোট পান ফখর। এরপরই তিনি বাউন্ডারি লাইনের ধারে গিয়ে বসে পড়েন।
চোট সারিয়ে সম্প্রতি দলে ফিরেছেন ফখর। তিনি যদি আর এই ম্যাচে খেলতে না পারেন তাহলে তা পাকিস্তানের কাছে বড় ধাক্কা হবে। ফখরের কাছে পৌঁছে যান পাকিস্তানের ফিজিও। এর কিছু পরেই দেখা যায় ফখর কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন।
Fakhar Zaman Injury #iccchampionstrophy2025 pic.twitter.com/OUMQjknTr2
— yogendracrick (@cricketlover672) February 19, 2025
ফখরের পরিবর্তে ফিল্ডিং করতে নামেন কামরান গুলাম। এখনও ফখরের চোট নিয়ে কোনও বিবৃতি আসেনি। ফলে স্পষ্ট নয় ফখর হাঁটুতে নাকি পিঠে চোট পেয়েছেন। ডাইভ দিতে গিয়েই বিপত্তি। চোট সারিয়ে দলে ফেরার পর ত্রিদেশীয় সিরিজে ছন্দে ছিলেন ফখর। তিনি পাকিস্তান দলের অন্যতম ভরসাও।
পাকিস্তান দল ও সমর্থকরা আশা করছেন ফখরের চোট গুরুতর নয়। যা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই সাইম আয়ুবের মতো ক্রিকেটার চোটের কারণে ছিটকে গিয়েছেন। হ্যারিস রউফ ত্রিদেশীয় সিরিজে চোট পান। তিনি আজ দলে ফিরেছেন। তারই মধ্যে ফখরের চোট উদ্বেগ বাড়াল পাকিস্তানের।












Click it and Unblock the Notifications