Champions Trophy 2025: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ ধুয়ে গেল বৃষ্টিতে, প্রবল চাপে ইংল্যান্ড
Champions Trophy 2025: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম কোনও ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল। রাওয়ালপিন্ডিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলই পেল ১ পয়েন্ট করে।
এর ফলে কাল লাহোরে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে যারাই হারবে তাদেরই বিদায় সুনিশ্চিত হয়ে যাবে।

আজ রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর আগে থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। টসও হয়নি। স্থানীয় সময় বেলা ২টোয় খেলা শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টি না থামায় শেষ অবধি বিকেল ৫টা ১০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।
২০ ওভারের ম্যাচ করার জন্য অপেক্ষা করা যেত স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিট অবধি। ফলে সেই সময়সীমার ২ ঘণ্টা ২২ মিনিট আগে ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে তাদের বাকি দুটি ম্যাচই হয়ে দাঁড়াল ডু-অর-ডাই।
অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচে শনিবার সামনে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৫। তারা দুই দলই পৌঁছে যাবে শেষ চারে।
কাল ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ যারা হারবে তারা চলতি টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে ছিটকে যাবে। কেন না, শেষ ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ২। বর্তমানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই তিন পয়েন্টে পৌঁছে গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ২.১৪০। অস্ট্রেলিয়ার ০.৪৭৫। ইংল্যান্ড ও আফগানিস্তানের নেট রান রেট যথাক্রমে মাইনাস (-) ০.৪৭৫ ও (-) ২.১৪০। কালকের ম্যাচ যারা জিতবে তাদেরও শেষ ম্যাচেও জিততেই হবে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে। সেক্ষেত্রে শুক্র বা শনিবারের কোন ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াবে তা স্পষ্ট হবে কালকের দ্বৈরথের ফলাফলের উপরই।












Click it and Unblock the Notifications