CT 2025, AUS vs ENG: ডাকেটের শতরানে নয়া ইতিহাস, ইংল্যান্ড রেকর্ড রানের টার্গেট দিল অস্ট্রেলিয়াকে
CT 2025, AUS vs ENG: বেন ডাকেটের বিধ্বংসী শতরান। যার সুবাদে ইংল্যান্ডের ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে গড়লেন নয়া রেকর্ড।
কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি ডাকেট ছিনিয়ে নিলেন নাথান অ্যাসলের কাছ থেকে। লাহোরে অস্ট্রেলিয়ার সামনে রেকর্ড রানের টার্গেট দিল ইংল্যান্ড।

টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নিয়েছিল। পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে ওঠে ২ উইকেটে ৭৩ রান। দ্বিতীয় পাওয়ারপ্লে-র ১০.১ ওভার থেকে ৪০ ওভারে ওঠে ১৯৫ রান, ২ উইকেট খুইয়ে।
বেন ডাকেট ও জো রুট তৃতীয় উইকেট জুটিতে ১৫৮ রান যোগ করেন। ডাকেট ১৭টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৪৩ বলে ১৬৫ রান করলেন। তিনি ৪৯ বলে পঞ্চাশে পৌঁছন, শতরান আসে ৯৫ বলে। ডাকেট দেড়শোয় পৌঁছন ১৩৪ বল খেলে।
এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ব্যাটার দেড়শো রান করলেন। ২০০৪ সালে ওভালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিউজিল্যান্ডের নাথান অ্যাসলে করেছিলেন ১৫১ বলে অপরাজিত ১৪৫। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্কোর ছিল জো রুটের। ২০১৭ সালে বাংলাদেশ ম্যাচে ১২৯ বলে অপরাজিত ১৩৩।
২০০৪ সালে নিউজিল্যান্ড ৫০ ওভারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪ উইকেটে ৩৪৭ রান তুলেছিল। আজকের আগে অবধি এই টুর্নামেন্টের ইতিহাসে সেটিই ছিল কোনও ম্যাচে কোনও দলের করা সর্বাধিক রান। আজ সেই নজিরও ভেঙে দিল ইংল্যান্ড।
২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে ৩২৩ তুলেছিল। নিজেদের সেই নজির টপকে টুর্নামেন্টে নয়া রেকর্ড জস বাটলারের দল স্থাপন করল ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রান তুলে।
চারে নেমে জো রুট করলেন ৭৮ বলে ৬৮। ফিল সল্ট করেন ৬ বলে ১০। তিনে নেমে জেমি স্মিথের অবদান ১৩ বলে ১৫। হ্যারি ব্রুক ৩, জস বাটলার ২৩, লিয়াম লিভিংস্টোন ১৪, ব্রাইডন কার্স ৮ রান করেন। জোফ্রা আর্চার ১০ বলে ২১ ও আদিল রশিদ ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।
বেন ডোয়ারশুইস ১০ ওভারে ৬৬ রান দিয়ে তিন উইকেট নেন। অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬৪ ও মার্নাস লাবুশেন ৫ ওভারে ৪১ রান দিয়ে দুটি করে উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল পেয়েছেন ১ উইকেট। স্পেনসার জনসন ও নাথান এলিস উইকেট পাননি।












Click it and Unblock the Notifications