Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, আইসিসিকে কারণ জানাল বিসিসিআই
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে না পাকিস্তানে। আইসিসিকে তা জানিয়ে দেওয়া হলো বিসিসিআইয়ের তরফে।
১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এই টুর্নামেন্ট চলার কথা ৯ মার্চ অবধি। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত অবস্থান স্পষ্ট করতেই এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলেই হওয়ার দিকে এগোচ্ছে।

ইএপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, আইসিসিকে বিসিসিআই জানিয়েছে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হচ্ছে না। আগামী সপ্তাহেই পাকিস্তানে যাওয়ার কথা আইসিসির প্রতিনিধিদের। তার আগেই ভারত অবস্থান স্পষ্ট করে দিল।
এশিয়া কাপের পর ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যাবে না, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। এমনকী পাকিস্তানের পাশাপাশি অন্য কোনও দেশে ভারতের ম্যাচগুলি আয়োজন করতে আইসিসি অতিরিক্ত অর্থের তহবিলও তৈরি রেখেছে বলে খবর।
বিসিসিআইয়ের বার্তা পাওয়ার পর আইসিসি ও পিসিবি মিলে এবার ঠিক করবে ভারতের খেলাগুলি কোথায় দেওয়া হবে। গতকাল পিসিবি চেয়ারম্য়ান মহসীন নাকভি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন বা তা নিয়ে কোনও কথাবার্তার কথা অস্বীকার করেছিলেন। এবার দেখার পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন অবস্থান নেয়।
এশিয়া কাপ পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কায় হয়েছিল। শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে পাকিস্তানের কাছে হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহীতেই হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বলে মনে করা হচ্ছে।
বিসিসিআই চলতি সপ্তাহের গোড়াতেই আইসিসির কাছে অবস্থান স্পষ্ট করেছে। যদিও লিখিত কিছু দেওয়া হয়নি বলেই খবর। পিসিবি যদিও আইসিসিকে বারবার অনুরোধ করেছে, পাকিস্তানে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত বক্তব্য আদায় করতে। তবে সেই সম্ভাবনাও কম। নাকভি যদিও চাইছেন, বিসিসিআইয়ের লিখিত বক্তব্য পেলে তা নিয়ে পাক সরকারের সঙ্গে আলোচনা করতে।
এদিকে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে, পাকিস্তানেরও এই টুর্নামেন্টে না খেলা উচিত বলে অনেকে মন্তব্য করতে শুরু করেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, ভারত যদি নিরাপত্তার কারণে পাকিস্তানে দল না পাঠায়, সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। কেন না, অন্যান্য দেশগুলি পাকিস্তানে খেলতে রাজি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান ছাড়াও খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে সোমবার সূচি ঘোষণার পরিকল্পনা করেছিল পিসিবি। যদিও বর্তমান পরিস্থিতিতে তা হবে না বলেই ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ।












Click it and Unblock the Notifications