ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রেস কোড মানছে, রোহিতের পাকিস্তান সফর নিয়ে কী সিদ্ধান্ত বিসিসিআইয়ের?
Champions Trophy 2025: ভারতের জার্সিতেও লেখা থাকবে পাকিস্তান! বিসিসিআই নিজেদের অবস্থান স্পষ্ট করতেই যাবতীয় জল্পনায় ইতি।
আইসিসির গ্লোবাল ইভেন্টে সব দলের ক্রিকেটারদের জার্সিতে থাকে টুর্নামেন্টের লোগো ও আয়োজক দেশের নাম। এ ক্ষেত্রে যেহেতু পাকিস্তান আয়োজক, ফলে স্পর্শকাতর বিষয় নিয়ে জল্পনা বাড়ছিল।

ভারত নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি। সে কারণে হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের জার্সিতে পাকিস্তান লেখায় আপত্তি আছে বিসিসিআইয়ের।
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে জলঘোলা হতে শুরু করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র উল্লেখ করে পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করে, আইসিসি এ ক্ষেত্রে সাফ জানিয়েছে নিয়ম সব দলকেই মেনে চলতে হবে। জার্সিতে লোগো ও আয়োজক দেশের নাম লেখানো বিভিন্ন দেশেরই দায়িত্ব।
আইসিসির নিয়ম লঙ্ঘন করা হলে প্রয়োজনীয় শাস্তিও বিধান মেনেই দেওয়া হবে বলে পিসিবি সূত্রে দাবি করা হয়। যদিও সেই সূত্র এমনও জানায় যে, জার্সি সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ভারতের কোনও সংবাদমাধ্যম বা সংবাদ সংস্থা যোগাযোগ করেনি।
যদিও ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে বোর্ড আপত্তি করেনি বলে দাবি করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জল্পনায় জল ঢেলে তিনি জানিয়ে দিলেন, বিসিসিআই পোশাকবিধি-সহ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির সমস্ত নিয়মই মেনে চলবে।
সাইকিয়া বলেছেন, লোগো ও ড্রেস কোড নিয়ে অন্য দলগুলি যা করব আমরাও সেটাই করব। তবে ড্রেস কোড নিয়ে জল্পনা দূর হলেও ভারত অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তান সফর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান সাইকিয়া।
প্রতিটি আইসিসি ইভেন্টের আগে ট্রফি নিয়ে অধিনায়কদের ফোটোশ্য়ুট হয়, প্রেস কনফারেন্সও হয় আয়োজক দেশে। এ ক্ষেত্রে পাকিস্তানেই তা হওয়ার কথা। কিন্তু ভারতীয় দল যেখানে নিরাপত্তার কারণে পাকিস্তানে যাচ্ছে না, সেখানে রোহিত পাকিস্তান যাবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। সাইকিয়া এদিন বলেন, আইসিসি যে প্রেস কনফারেন্স বা অধিনায়কদের ফোটোশ্যুট করে থাকে তাতে রোহিত থাকবেন কিনা তা নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।
২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু অংশগ্রহণকারী দেশগুলির জার্সিতে ছিল না আয়োজক দেশের নাম। তখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষে ছিলেন জয় শাহ, যিনি এখন আইসিসি চেয়ারম্যান। তখন বলা হয়েছিল, এসিসির নীতি বদলেছে। জার্সিতে আয়োজক দেশের নাম রাখার দরকার নেই। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই পথে হাঁটল না।












Click it and Unblock the Notifications