CT 2025 Final: রোহিত এড়ালেন সাংবাদিকদের, কথা আগরকরের সঙ্গে? অবসর-সম্ভাবনা কেন প্রবল?
CT 2025 Final: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তবে তারই মধ্যে জোর চর্চা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে।
রোহিত ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেনি। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার প্রেস কনফারেন্স করলেও ভারত পাঠায় সহ অধিনায়ক শুভমান গিলকে।

তাতেই মনে হচ্ছে, স্পর্শকাতর বিষয়ে নিজের অবসর-সম্ভাবনা সংক্রান্ত প্রশ্ন এড়াতেই রোহিত এড়ালেন সাংবাদিকদের! কিন্তু কতক্ষণ? বিসিসিআইয়ের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ফাইনালের পরই রোহিতের ভবিষ্যৎ নির্ধারণে তাঁর সঙ্গে কথা বলবেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
রোহিত নিজে ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে চাইবেন কিনা তা বড় প্রশ্ন। যদি না চান তাহলে কি ওডিআই খেলবেন? সিডনি টেস্টে নিজেই সরে দাঁড়ানো রোহিতকে কি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে অধিনায়ক রাখা হবে? তিনি কি টেস্টেও আর খেলবেন?
এই প্রশ্নগুলিই বড় করে দেখা দিচ্ছে। ভারতীয় ক্রিকেটে হেভিওয়েটদের অবসরের বিষয় বেশ কয়েক বছর ধরে নির্বাচকরা নেন না। বিসিসিআইয়ের শীর্ষকর্তারা যেমন আলোচনা করেন, তেমনই টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক প্রধানও কথা বলে থাকেন সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে। আলোচনা হয় ফেয়ারওয়েল ম্যাচ নিয়েও।
রোহিত যদি দেশের মাটিতে বা নিজের শহরে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তাহলে তাঁকে ইংল্যান্ড সফরে যেতে হবে। তারপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট থাকবে।
ভারত দেশের মাটিতে ওডিআই সিরিজ খেলবে ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে বাংলাদেশে তিনটি ও অস্ট্রেলিয়ায় তিনটি ওডিআই ম্যাচ রয়েছে ভারতের। সেই সিরিজগুলিতে কি রোহিত খেলতে চান? জানার চেষ্টা করবেন অজিত আগরকর।
রোহিত আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করে দিতে পারেন। বিরাট কোহলির ক্ষেত্রে তেমনটা নাও হতে পারে। বিরাট ওডিআইয়েও ছন্দে আছেন। ফিট। টেস্টে তিনি ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শের চেষ্টা করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, বিরাট কোহলিকে ইংল্যান্ড সিরিজে দরকার হবে। বিশেষ করে রোহিত যদি না থাকেন, সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল,ঋষভ পন্থ, শুভমান গিলদের উপর চাপ বেড়ে যাবে অনেকটাই। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে টি২০ বিশ্বকাপের মতো রোহিত ও বিরাট একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, এমনটা মনে করা হচ্ছে না। তবে রোহিতের কাছ থেকে বড় ঘোষণা এসে যেতেই পারে।












Click it and Unblock the Notifications