CT 2025, AFG vs AUS: জিতলেই সেমিফাইনালে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল আফগানিস্তান
CT 2025, AFG vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। যারাই জিতবে তারাই পৌঁছে যাবে সেমিফাইনালে।
টস জিতে ব্যাটিং নিল আফগানিস্তান। দুই দলের একাদশেই কোনও পরিবর্তন নেই।

অস্ট্রেলিয়া আজ অবধি আফগানিস্তানের কাছে কোনও একদিনের আন্তর্জাতিকে হারেনি। চারটি সাক্ষাতে সব কটিতেই জয়লাভ করেছে। গ্লেন ম্যাক্সওয়েল দ্বিশতরান হাঁকিয়ে গত বিশ্বকাপে অজিদের জেতান আফগানদের বিরুদ্ধে। তবে টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আফগানিস্তান।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া রেকর্ড রান তাড়া করে হারিয়েছিল ইংল্যান্ডকে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আফগানিস্তান প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও ইংল্যান্ডকে ছিটকে দিয়ে রয়েছে সেমিতে ওঠার দৌড়ে।
লাহোরে গতকাল রাতে বৃষ্টি হয়েছে। আজও কখনও মেঘ দেখা যাচ্ছে, কখনও রোদ। তবে টস হলো নির্ধারিত সময়েই। ইয়ান বিশপ পিচ রিপোর্ট দিতে গিয়ে গতকালের বৃষ্টির কথা উল্লেখ করে বলেন, বৃষ্টির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। পিচের দুই দিকের বাউন্ডারি ৭৩ ও ৬৪ মিটারের।
ম্যাথু হেডেন পিচ দেখে বলেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। প্রচুর রান উঠবে। ব্যাটারদের শান্ত রাখার কাজ কঠিনই হবে বোলারদের পক্ষে। টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেন, এই পিচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া খেলা হয়েছিল। ফলে মনে হচ্ছে উইকেট পরের দিকে মন্থর হবে।
ইংল্যান্ড ম্যাচ জিততে পেরে খুশি শাহিদি বলেন, ওই ম্যাচের পর কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। কোথায় কী কী উন্নতি দরকার তা নিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের কথায়, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। আবহাওয়া কেমন থাকবে তা বলা যাচ্ছে না। তবে তা এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান যেভাবে খেলেছে তাতে তাদের সমীহই করছে অস্ট্রেলিয়া। ভালো লড়াইয়ের জন্য গোটা দল প্রস্তুত বলে জানান স্মিথ। জিততেই হবে, ফলে সেই ধরনের মানসিকতা নিয়েই খেলতে নামছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া- ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন।
আফগানিস্তান- ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, গুলবদিন নঈব, রশিদ খান, নূর আহমেদ, ফজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications