চ্যাম্পিয়ন্স ট্রফি : কার্ডিফে নিউ জিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে সেমিফাইনালের পথে ইংল্যান্ড
নিউ জিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। লিয়াম প্ল্যাঙ্কেট ৪ উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন।
কার্ডিফে নিউ জিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৩১০ রান তোলে ইয়ন মর্গ্যানের দল। জবাবে রান তাড়া করতে নেমে কেন উইলিয়ামসনের দল গুটিয়ে গেল মাত্র ২২৩ রানে। লিয়াম প্ল্যাঙ্কেট ৪ উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন।
এদিন কার্ডিফে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু করেন জেসন রয় ও অ্যালেক্স হেলস। রয় মাত্র ১৩ রান করে আউট হয়ে গেলেও হেলস ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন।

তিন নম্বরে নামা জো রুটও অর্ধশতরান করেন। তবে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান (১৩) এদিন রান পাননি। বেন স্টোকস (৪৮ রান) ভালো খেললেও অল্পের জন্য অর্ধশতরান পাননি। তবে জস বাটলার মাত্র ৪৮ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলে যান।
শেষদিকে মঈন আলি (১২ রান), আদিল রশিদ (১২ রান), লিয়াম প্ল্যাঙ্কেটরা (১৫ রান) কেউ রান পাননি। ফলে ৪৯.৩ ওভারে ইংল্যান্ড সব উইকেট খুইয়ে ৩১০ রানে শেষ করে।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই লিউক রঙ্কির (০ রান) উইকেট হারায় নিউ জিল্যান্ড। মার্টিন গাপটিলকে (২৭ রান) সঙ্গে নিয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন প্রতিরোধ গড়ে তোলেন। গাপটিল আউট হলে রস টেলরের সঙ্গে পার্টনারশিপ করেন উইলিয়ামসন। তবে দশ রানের ব্যবধানে উইলিয়ামসন ৮৯ রানে ও রস টেলর ৩৯ রানে আউট হলে আর মিডল অর্ডারে পার্টনারশিপ গড়তে পারেননি কিউয়িরা।
নীল ব্রুম (১১), জিমি নীশম (১৮), কোরি অ্যান্ডারসন (১০) কেউ রান পাননি। ফলে মাত্র ৪৪.৩ ওভারে মাত্র ২২৩ রানেই শেষ হয়ে যায় নিউ জিল্যান্ডের ইনিংস। হারতে হয় ৮৭ রানে।
এই ম্যাচে জিতে ইংল্যান্ড দুটি খেলে দুটিতেই জিতে সেমিফাইনালের পথে এগিয়ে গেল। এদিকে কিউয়িরা ২টি ম্যাচ খেলে ১ পয়েন্টে দাঁড়িয়ে রইল।












Click it and Unblock the Notifications