বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচ, পয়েন্ট ভাগ করে নিল দুই দল
বার্মিংহামে বৃষ্টিবিঘ্নিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়া- নিউ জিল্যান্ড দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হল।
এদিন বার্মিংহামে বৃষ্টিবিঘ্নিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়া- নিউ জিল্যান্ড দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হল। এদিন খেলার মাঝে বারবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ফলে প্রথমে ওভার কমে দাঁড়ায় ৪৬ ওভারে। পরে একাধিকবার বৃষ্টিতে শেষে খেলা বাতিল করতে হয়। এর ফলে দুই দলই এক পয়েন্ট করে পেল।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। ওপেন করতে নেমে দারুণ শুরু করে কিউয়িরা। মার্টিন গাপটিল ২৬ রান করে আউট হয়ে গেলেও লিউক রঙ্কি মাত্র ৪৩ বলে ৬৫ রান করে ফেরেন।

তিন নম্বরে নেমে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন অনবদ্য শতরান করেন। তিনি ৯৭ বলে ১০০ রান ও চার নম্বরে নামা রস টেলর ৫৮ বলে ৪৬ রান করেন।
তবে এরপরে আর কোনও কিউয়ি ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ বোলিং করেন জস হ্যাজেলউড। তিনি ৫২ রান দিয়ে ৬টি উইকেট নেন। ফলে একসময়ে যখন মনে হচ্ছিল কিউয়িরা সহজেই তিনশো রানের গণ্ডী টপকে যাবে সেখানে ১ ওভার বাকী থাকতেই ২৯১ রান অলআউট হয়ে যায়।
মাঝের বিরতিতে ফের বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ডাকওয়ার্থ-লুইস নিয়মানুযায়ী অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ৩০ ওভারে ২৩৫ রান। তারপর ফের খেলা শুরু হলে মাত্র ৯ ওভার খেলা হয়। অস্ট্রেলিয়ার ততক্ষণে ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। ফের বৃষ্টি নামলে আর ম্যাচ শুরু করা যায়নি। ফলে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিল।












Click it and Unblock the Notifications