বন্ধ হয়ে গেল 'আগ্রহহীন' 'চ্যাম্পিয়ন্স লিগ টি-২০'
বেঙ্গালুরু, ১৫ জুলাই : মাত্র ৬টি সংস্করণের পরই বন্ধ হয়ে গেল বিশ্বের সেরা টি-২০ দলগুলিকে নিয়ে হওয়া টুর্নামেন্ট 'চ্যাম্পিয়ন্স লিগ টি-২০'। এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ বোর্ডের কাউন্সিলে বিসিসিআই, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড রয়েছে। সবার যৌথ সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার কথা ছিল।

কেন বন্ধ হল এই টি-২০ লিগ? বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই লিগ নিয়ে দর্শদের মধ্য়ে আগ্রহ ক্রমেই তলানিতে এসে পৌঁছেছিল। ফলে আগ্রহহীন একটি লিগ চালিয়ে যাওয়ার কোনও মানে হয় না। এমনটাই মনে করেছেন এর পরিচালন কর্তৃপক্ষ।
ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তানের সেরা ক্লাব টি-২০ দলগুলি নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। মোট ছয় বছরের টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২ বার করে। এছাড়া নিউ সাউথ ওয়েলস ব্লুস ও সিডনি সিক্সেস একবার করে এই লিগ জিতেছে।












Click it and Unblock the Notifications