CT 2025, IND vs BAN: ভারতীয় দলে ২ স্পিনার, বাকিরা...! বাংলাদেশ ম্যাচের আগেই সরব রোহিত
CT 2025, IND vs BAN: দুবাইয়ে কাল ভারত খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে ভারতের ১৫ জনের দলে ৫ স্পিনার রাখা নিয়ে চর্চার মধ্যেই মুখ খুললেন রোহিত শর্মা।
অনেক প্রাক্তনই বলছেন, ভারত বড় ভুল করে ফেলেছে দলে পাঁচজন স্পিনারকে নিয়ে। যদিও ভারত অধিনায়কের দাবি, বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নেওয়া হয়েছে ২ জনকে!

যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছেন ভারতের নির্বাচকরা। আগেই দলে রাখা হয়েছিল রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবকে। বরুণ আসায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫।
রোহিত শর্মা এদিন দাবি করেছেন যে, বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নেওয়া হয়েছে কুলদীপ আর বরুণকে। অক্ষর, জাদেজা ও সুন্দর আছেন অলরাউন্ডার হিসেবে, যাঁরা যে কোনও ফরম্যাটেই দলকে ভরসা জোগান ব্যাট হাতে। পেসারদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, হর্ষিত রানা ও অর্শদীপ সিং। সঙ্গে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
রোহিতের কথায়, আমাদের দলে দুজন স্পিনার আছেন। বাকিরা অলরাউন্ডার, ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারেন। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। তিনজন অলরাউন্ডার দলে আলাদা মাত্রা যোগ করেন। তাঁরা দলের প্রতি অনেকটাই অবদান রাখেন। আমরা এমন প্লেয়ার চাই যাঁরা দুই বিভাগে পারদর্শী, শুধু একটিতে নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে ৮ বছর পর। অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জেতার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সুযোগ রোহিতের সামনে। তিনি বলেন, অন্য আইসিসি ইভেন্টগুলির মতোই এটিও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ট্রফি জিততে গেলে আমাদের অনেক কিছু সঠিকভাবে করতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরুর আগে শুভমান গিল ওডিআইয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটার হয়েছেন। তিনি এখন ভারতের সহ অধিনায়কও। রোহিত বলেন, গিল খুব ভালো প্লেয়ার। তাঁর দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। যদি একটি ফরম্যাটে প্রত্যাশা পূরণ করতে না পারেন, তার অর্থ এটা নয় যে তিনি অন্য ফরম্যাটেও খারাপ। যদি এই টুর্নামেন্ট তাঁর ভালো যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনোও সহজ হয়ে যাবে।
এদিকে, ভারত কালকের ম্যাচে তিন স্পিনারে নামতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যাটিং অর্ডারে বড় বদল কিছু আসবে না। জোরে বোলার হিসেবে শামি ও অর্শদীপের সঙ্গে থাকতে পারেন হার্দিক। স্পিনার ও স্পিন-বোলিং অলরাউন্ডার মিলিয়ে একাদশে থাকতে পারেন অক্ষর, জাদেজা ও কুলদীপ।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং।












Click it and Unblock the Notifications