Fastest List A Double Ton: ১০৩ বলে দ্বিশতরান! ভারতীয়র রেকর্ড ভেঙে অবিশ্বাস্য নজির চ্য়াড বোয়েসের
Fastest List A Double Ton: লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের নজির গড়লেন নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস (Chad Bowes)। ক্যান্টারবেরির হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়লেন তিনি।
অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও তামিলনাড়ুর নারায়ণ জগদীশানের রেকর্ড ভেঙে গেল চ্যাডের ধুন্ধুমার ব্যাটিংয়ে। হেড ও জগদীশান- দুজনেই ১১৪ বলে দ্বিশতরান করেছেন লিস্ট এ ক্রিকেটে।

ফোর্ড ট্রফিতে ওটাগোর বিরুদ্ধে চ্যাড বোয়েস দ্বিশতরানে পৌঁছন ১০৩ বলে। শেষ অবধি তিনি ১১০ বলে ২০৫ রানের ইনিংস খেলেন। ট্রাভিস হেড ২০২১-২২ মরশুমের মার্শ কাপে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ১১৪ বলে দ্বিশতরানে পৌঁছেছিলেন।
২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর জগদীশান অরুণাচল প্রদেশের বিরুদ্ধে একাই ২৭৭ রান করেছিলেন, ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ১১৪ বলেই। চ্যাড বোয়েস দ্রুততম দ্বিশতরানের রেকর্ডটি নিজের দখলে নিলেন শততম লিস্ট এ বা ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমে।
বোয়েসের ইনিংসে ছিল ২৭টি চার ও সাতটি ছয়। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ক্যান্টারবেরিকে প্রথমে ব্যাট করতে পাঠানো হয়েছিল। বোয়েসের ইনিংসের সৌজন্যে তারা তোলে ৯ উইকেটে ৩৪৩ রান। বোয়েস নিজের ইনিংসে তৃপ্ত। তবে এখনও যেন বিশ্বাসই হচ্ছে না। স্পেশ্যাল ইনিংসের বিরাট কীর্তির সঙ্গে ধাতস্থ হতে তাঁর দিন দুই-তিন লাগবে বলেই মনে হচ্ছে।
বোয়েস বলেন, এমন ইনিংস খেলার পূর্ব পরিকল্পনা ছিল না। যা হয়েছে স্বাভাবিক নিয়মেই। যেভাবে মাঠের চারদিকে শট খেলে এই ইনিংস খেলতে পেরেছেন তাতে তৃপ্ত বছর বত্রিশের এই ব্যাটার। শুরু থেকে ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছিল। তাতেই লম্বা ইনিংস খেলার কাজটা সহজ হয়ে যায়।
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন বোয়েস। দ্বিতীয় ওভারে পাঁচ বলে শূন্য করে ওপেনিং পার্টনার হেনরি নিকোলস প্যাভিলিয়নে ফিরেছিলেন। কিন্তু তা সত্ত্বেও অপর প্রান্তে আত্মবিশ্বাসের সঙ্গে ব্য়াটিং চালিয়ে যেতে থাকেন বোয়েস। হাফ সেঞ্চুরি এসেছিল ২৬ বলে, শতরান ৫৩ বলে। ম্যাচের ৩৯তম ওভারে ম্যাথু ব্যাকনের বলে লেগ বিফোর হওয়ার আগেই বিশ্বরেকর্ড দখলে নেন বোয়েস। এর আগে, লিস্ট এ-তে তাঁর সর্বাধিক স্কোর ছিল ১২৬।
বোয়েস যে ইনিংসে দ্বিশতরান, সেই ইনিংসে ক্যান্টারবেরির প্রথম সাত ব্যাটারের মধ্যে মাত্র ২ জন দুই অঙ্কের রান পৌঁছেছেন। অধিনায়ক কোল ম্যাককঞ্চি করেন ৪০ বলে ২৭। আটে নামা জাকারি ফোকস ৪৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। ওটাগো ১০৩ রানে অল আউট হয়ে যাওয়ায় ২৪০ রানে জেতে ক্যান্টারবেরি।












Click it and Unblock the Notifications