রাহুল-রোহিত জমানায় ভারতের প্রথম সিরিজ জয়, ইডেনে হোয়াইটওয়াশের আশঙ্কায় নিউজিল্যান্ড
হর্ষল প্যাটেলের চমকপ্রদ অভিষেক-সহ ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডকে বেঁধে ফেলেছিলেন ১৫৩ রানে। শিশিরভেজা মাঠে ভারতের জয়ের জন্য বেগ পেতে যে হবে না সেটাও তখনই স্পষ্ট হয়ে যায়। এরপর রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জমানায় ভারতের প্রথম সিরিজ জয় নিশ্চিত করে দিল শতরানের ওপেনিং পার্টনারশিপ। রোহিত-রাহুলের ওপেনিং জুটিতে ওঠে ১৩.২ ওভারে ১১৭। এই নিয়ে টি ২০ আন্তর্জাতিকে লোকেশ রাহুল ও রোহিত শর্মা শতরানের পার্টনারশিপ গড়লেন পঞ্চমবার। অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হর্ষল প্যাটেল।

জয়ের জন্য ১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ভারত তোলে বিনা উইকেটে ৪৫। ৬.৪ ওভারে পূর্ণ হয় ৫০ রান। নবম ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৩। দশম ওভারে মিচেল স্যান্টনার ১৬ রান দেন, রোহিত দুটি ছক্কা হাঁকান। একাদশ ওভারে অ্যাডাম মিলনের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করার পরের বলেই ফের চার মারেন রাহুল। ৪০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটি রাহুলের টি ২০ আন্তর্জাতিকে ষোড়শ অর্ধশতরান।
1⃣0⃣0⃣-run stand! 👏 👏
— BCCI (@BCCI) November 19, 2021
The @ImRo45-@klrahul11 pair is doing a fantastic job in the middle. 👍 👍 #TeamIndia 105/0 after 12 overs. #INDvNZ @Paytm
Follow the match ▶️ https://t.co/9m3WflcL1Y pic.twitter.com/A2gmfz7BZb
একাদশ ও দ্বাদশ ওভারে ভারতীয় ব্যাটাররা ১৩ রান করে তুলে ফেলেন। তারই ফাঁকে ট্রেন্ট বোল্টের বলে রোহিত শর্মা চার মারায় ১১.৪ ওভারে ভারত ১০০ রান পূর্ণ করে ফেলে। ত্রয়োদশ ওভারে বল করতে এসে স্যান্টনার দেন ১১। চার ওভারে ৩৩ রান খরচ করে কোনও উইকেট পাননি কিউয়ি স্পিনার।

১৪তম ওভারের দ্বিতীয় বলে আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখতে গিয়ে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দেন লোকেশ রাহুল। ৬টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৬৫ রান করেন তিনি। সূর্যকুমার যাদবকে না পাঠিয়ে তিনে নামানো হয় ভেঙ্কটেশ আইয়ারকে। ১৫তম ওভারে অ্যাডাম মিলনের বলে ছক্কা হাঁকিয়ে টি ২০ আন্তর্জাতিকে ২৫তম অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মা। বিরাট কোহলির টি ২০ আন্তর্জাতিকে হাফ সেঞ্চুরির সংখ্যা ২৯। তাঁর পরেই চলে এলেন রোহিত, হাফ সেঞ্চুরির নিরিখে টপকে গেলেন বাবর আজমকে (২৪)। বিরাটের কোনও টি ২০ আন্তর্জাতিক শতরান নেই, রোহিত চারটি সেঞ্চুরি করেছেন। তবে টি ২০ আন্তর্জাতিকে বিরাট ও রোহিত দুজনেই ৫০-এর বেশি রান করেছেন ২৯ বার, এদিন বিরাটের সেই নজির স্পর্শ করেন ভারত অধিনায়ক। অ্যাডাম মিলনের এই ওভারে ওঠে ১২।
#TeamIndia captain departs but not before he scored his 2⃣5⃣th T20I half-century! 👍 👍
— BCCI (@BCCI) November 19, 2021
A superb knock from @ImRo45! 👏
Follow the match ▶️ https://t.co/9m3WflcL1Y#INDvNZ @Paytm pic.twitter.com/INgn8tMfB1
ষোড়শ ওভারের তৃতীয় বলে টিম সাউদি রোহিত শর্মাকে প্রথমে আউট করেন। একটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ভারত অধিনায়ক করেন ৩৬ বলে ৫৫। এদিন রোহিত কেরিয়ারের ৪৫০তম ছক্কাটিও মেরেছেন। এই ওভারের শেষ বলে সূর্যকুমার যাদব ব্যক্তিগত ১ রানে বোল্ড হন। নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদির বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে তিন উইকেট। ১৮তম ওভারে জিমি নিশামের বলে জোড়া ছক্কা হাঁকিয়ে ভারতের সিরিজ জয় নিশ্চিত করলেন ঋষভ পন্থ। রাঁচিতে এই নিয়ে ভারত তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলে তিনটিতেই জিতল। ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি। ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তুলেছিল ৬ উইকেটে ১৫৩। গ্লেন ফিলিপস ৩৪ এবং মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল দুজনেই করেন ৩১। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৫ রানে দুটি উইকেট নেন হর্ষল প্যাটেল। একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডে গিয়ে গত বছর ৫-০ ব্যবধানে টি ২০ সিরিজ জেতার পর ইডেনে ভারতের সামনে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের হাতছানি।












Click it and Unblock the Notifications