ইডেন গার্ডেন্সের নামে মেয়ের নাম রাখলেন কার্লোস ব্র্যাথওয়েট
ইডেন গার্ডেন্সের নামে মেয়ের নাম রাখলেন কার্লোস ব্র্যাথওয়েট
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অখ্যাত এক ক্রিকেটারকে রাতারাতি বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দিয়েছিল ইডেন গার্ডেন্স। ২০১৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বেন স্টোকসের বলে শেষ ওভারে পর পর চারটি ছয় হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেতাব এনে দেওয়া কার্লোস ব্র্যাথওয়েট। টি-২০ বিশ্বকাপ জিততে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান, যা প্রথম চার বলেই তাঁর সৌজন্যে তুলে নেয় ক্যারিবিয়ানরা।

মার্লন স্যামুয়েল ৮৫ রানের ইনিংস খেললেও শেষ ওভারে বিধ্বংসী ব্যাটিং-এর সৌজন্যে হাজার ওয়াটের আলো এসে পড়ে ব্র্যাথওয়েটের উপর। এখনও সেই সাফল্যে উপভোগ করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। ইডেনর মাঠে সেদিন তিনি দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। মধুর সেই স্মৃতির কথা মাথায় রেখে ইডেন গার্ডেন্সের নামে নিজের সদ্য়জাত কন্যা সন্তানের নাম রাখেন ব্র্যাথওয়েট। সদ্যজাতের নাম রেখেছেন ইডেন রোস ব্র্যাথওয়েট। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে এই অলরাউন্ডার লিখেছেন, "নামটা মনে রাখুন ইডেন রোস ব্র্যাথওয়েট। জন্ম তারিখ ২/৬/২২। তোমায় নিজের হৃদয় দিয়ে আগলে রাখার শপথ নিচ্ছে বাবা। ধন্যবাদ তোমায় জেসি পার্পেল। তুমি দৃঢ় এবং আমি জানি একজন অসাধারণ মা হয়ে উঠবে তুমি। তোমাদের দু'জনের প্রতি আমার ভালবাসা রইল।"
টি-২০ বিশ্বকাপে সাফল্য তাঁকে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের অধিনায়কত্ব এনে দিয়েছিল। যদিও সেই অধিনায়কত্ব দীর্ঘদিন স্থায়ী হয়নি। তাঁর নেতৃত্বে ৩০ ম্যাচের মধ্যে মাত্র ১১টি ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন ব্র্যাথওয়েট। ২০১৯-এর অগস্টে শেষ বার তিনি ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নেমেছিলেন। ভারতের বিরুদ্ধে ওই ম্যাচটি খেলেছিলেন তিনি। ওই সিরিজেই শেষবার ওয়েস্ট ইন্জিজের টি-২০ দলে দেখা গিয়েছিল তাঁকে।
জাতীয় দল থেকে ব্রাত্য হলেও এই অলরাউন্ডার আইপিএল-এ নিয়মিত পারফর্ম করেছেন ফ্রাঞ্চাইজির হয়ে। দিল্লি ক্যাপিটলস, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল-এ খেলেছেন ব্র্যাথওয়েট। শুধু আইপিএল-এই নয় বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে খেলতে দেখা যায় তাঁকে। আইপিএল-এর আসন্ন মেগা নিলামেও অংশ নেবেন তিনি।
২০১৬ সালে ৪.২ কোটি টাকা খরচ করে ব্র্যাথওয়েটকে সই করিয়েছিল দিল্লি ক্যাপিটলস, ২ কোটি টাকায় ২০১৮ সালে তাঁকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৯ সালে ৫ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে তুলে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।












Click it and Unblock the Notifications