‘অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়’, কী কারণে এমনটা বললেন গৌতম গম্ভীর
‘অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়’, কী কারণে এমনটা বললেন গৌতম গম্ভীর
টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলির আকস্মিক পদত্যাগে অবাক দেশের ক্রীড়া মহল। কী কারণে বিরাট এমন সিদ্ধান্ত নিয়েছেন তা বুঝতে পারছেন না অনেকেই। শুধু আন্দাজ করা হচ্ছে একাধিক কারণ। তবে, অধিনায়ক বিরাট এখন অতীত। ভারতীয় দলে বিরাট কোহলির অবস্থান এখন অন্যান্য সাধারণ সতীর্থদের মতোই। ব্যাটসম্যান হিসেবেই দলে থাকবেন তিনি। আর তাই বিরাটের উচিৎ নিজের ব্যাটিং-এর দিকে মনোনিবেশ করা, এমনটাই মনে করেন গৌতম গম্ভীর।

ভারতের প্রাক্তন এই ওপেনার জানিয়েছেন, বেশি করে রান করার দিকে মনোযোগী হওয়া উচিৎ। 'অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়',এমএস ধোনিও অধিনায়কত্ব ছেড়ে বিরাটের অধীনে খেলেছিলেন। স্টার স্পোর্টসের গেম প্ল্যান শো-এ গৌতম বলেছেন, "এর থেকে বেশি আর কী দেখতে চান আপনারা। আমি জানি না। আমি মনে করি অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়। এমএস ধোনিও নিজের অধিনায়কত্বের ব্যাটন বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিল। বিরাটের অধীনেও খেলেছে ও। তিনটি আইসিসি ট্রফি জিতেছে ধোনি, তাঁর ঝুলিতে তিনটে বা চারটে আইপিএল রয়েছে।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে পরাস্থ হয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। এর পরই টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান কোহলি। টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের ছোট ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট। তাঁকে একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। ফলে কোনও বিশেষ দায়িত্বে নয় এক জন সাধারণ ব্যাটসম্যান হিসেবেই দলে খেলবেন বিরাট। এই প্রসঙ্গে গম্ভীর বলেছেন, "আমার মনে হয় বিরাট কোহলির রান করার দিকে এখন মনোযোগ দেওয়া উচিৎ এবং এটাই প্রয়োজন। তুমি যখন ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখ তখন তুমি অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখ না। দেশের হয়ে ম্যাচ জেতার স্বপ্ন দেখ তুমি। মাঠে গিয়ে ফিল্ডিং সাজানো এবং টস করা ছাড়া কিছুই বদলে যায়নি। তোমার ইচ্ছাশক্তি এবং উদ্দীপনা একই রকম থাকা উচিৎ কারণ দেশের হয়ে খেলতে পারাটা গর্বের।"
১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত। চোটের কারণে রোহিত শর্মা না থাকায় লোকেশ রাহুলের নেতৃত্বে খেলবেন বিরাট কোহলি। একদিনের দল থেকে অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার পর সেই দায়িত্ব রোহিত শর্মার কাঁধে তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই।












Click it and Unblock the Notifications