রাহানের পারফরমেন্সে মুগ্ধ অধিনায়ক, কী বললেন তিনি
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ধামাকা পারফরমেন্স টিম ইন্ডিয়ার। কী করলেন অজিঙ্ক রাহানে যে মুগ্ধ কোহলি।
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের ব্যাটিং প্র্যাকটিস সেরে নিচ্ছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স টর্ফি থেকে সরাসরি কোহলি এন্ড কোং পাড়ি দিয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা ভাল শুরু করলেও বৃষ্টি ভিলেন হয়েছিল। কিন্তু রবিবারের ম্যাচে ধামাকা পারফরমেন্স করল টিম ইন্ডিয়া। ১০৫ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজকে।
এদিনও বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে। ফলে খেলা কমিয়ে ৪৩ ওভার করা হয়। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের কার্যত তুলোধনা করেন ভারতীয় ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানে দুরন্ত শুরু করেন।

ধাওয়ান ৫৯ বলে ৬৩ করে আউট হন। তবে রাহানে কোনও ভুল করেননি। একদিনের কেরিয়ারে আরও একটি শতরান এদিন তিনি সেরে নিলেন। এদিন রাহানের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে। চমৎকার ব্যাটিং ঝালিয়ে নেন অধিনায়ক বিরাট কোহলিও। মাত্র ৬৬ বলে ৮৭ রান করেন তিনি। ৪৩ ওভারে ৫ উইকেটে ৩১০ করে টিম ইন্ডিয়া। এদিকে রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সাই হোপ একটা লড়াকু ইনিংস খেলেন। কিন্তু দলের বাকিদের হতশ্রী পারফরমেন্সে ৪৩ ওভারে ৬ উইকেটে ২০৫ রান তুলতে পারে।
এদিনের ম্যাচে রাহানের দুরন্ত শতরানের পর অধিনায়ক কোহলি তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। টেস্টে নিজের জায়গা পাকা করে ফেলেলও একদিনের দলে এখনও নিজের জায়গা পাকা করতে পারেননি অজিঙ্ক রাহানে। ৭৫ টি একদিনের ম্যাচে খেলেছেন। কিন্তু তাঁর পজিশন নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। এমনকি প্রথম একাদশে থাকা নিয়েও থাকে দোলাচল। তবে অধিনায়ক কোহলি আশ্বস্ত করেছেন জিঙ্কস একদিনের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ওপেনিং জুটি দুরন্ত হওয়ায় রাহানেকে নিয়মিত ওপেনিং স্লটে দেখা যায়না। কোহলি জানিয়েছেন ধাওয়ান বা রোহিতের মধ্যে কেউ একজন না থাকলে ওপেনিংয়ে বিকল্প রাহানেই। কোহলি সাফ জানিয়েছেন অজিঙ্ক রাহানে কোন স্তরের ব্যাটসম্যান তা তাঁরা ভালই জানেন, এবং সেই জন্যই তাঁকে টপ অর্ডারের বিভিন্ন জায়গায় খেলানো হয়।












Click it and Unblock the Notifications