বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অধিনায়ক বিরাট-কেনের অগ্নিপরীক্ষা, মত গুরু হেসনের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অধিনায়ক বিরাট-কেনের অগ্নিপরীক্ষা, মত গুরু হেসনের
নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন হওয়ার সৌজন্য কেন উইলিয়ামসন ও বিরাট কোহলিকে খুব ভাল ভাবেই চেনেন মাইক হেসন। সেই অভিজ্ঞতা থেকেই ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তিনি এক ভবিষ্যবাণী করেছেন। কেন এই লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে, তাও ব্যাখ্যা করেছেন হেসন।

বিরাট-কেনের অধিনায়কত্বের পরীক্ষা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিশ্বাস মাইক হেসনের। এই মোকাবিলায় টিম ইন্ডিয়া ও কিউয়ি অধিনায়ক যথাক্রমে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের পরীক্ষা বলেও মনে করেন চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন। তাঁর কথায়, দুই রথীই এই প্রজন্মের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক। ফলে তাঁদের টক্করও কাঁটায় কাঁটায় হতে চলেছে বলে মনে করেন হেসন।

বিরাট এবং উইলিয়ামসনের পদ্ধতি আলাদা
মাইক হেসনের কথায়, বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের নেতৃত্ব দেওয়ার পদ্ধতি আলাদা। ভারত অধিনায়ক অনেক বেশি আগ্রাসী হওয়ায় ম্যাচের প্রথম থেকেই দলকে চালকের আসনে দেখতে চান বলে জানিয়েছেন হেসন। অন্যদিকে কেন উইলিয়ামসন অনেক ধীর এবং স্থির হয়ে দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন বলে বক্তব্য নিউজিল্যান্ডের প্রাক্তন কোচের। মাইকের মতে, ম্যাচের প্রথম থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপান না। বরং পরিবেশ এবং পরিস্থিতি বুঝে কেন ধীরে ধীরে দলকে চালকের আসনে তুলে আনতে পছন্দ করেন বলে জানিয়েছেন মাইক হেসন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কেন চ্যালেঞ্জিং
সাউদাম্পটনের আবহাওয়া এবং সে অনুযায়ী উইকেটের প্রতিদিনের ভাঙাগড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে চ্যালেঞ্জিং করে তুলবে বলে মনে করেন মাইক হেসন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে যে দল অনেক বেশি পরিকল্পিতভাবে রণনীতি তৈরি করবে, তারাই বাজিমাত করবে বলে মনে করেন চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন। তবে ম্যাচে দুই দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে বলে মনে করেন মাইক। ফলে লড়াইও হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন হেসন।

ভারত বনাম নিউজিল্যান্ড
আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। সে উপলক্ষ্যে দুই দলই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলছে নিউজিল্যান্ড। গত ৩ জুন সাউদাম্পটনে পৌঁছানো ভারতীয় ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে দিন কাটাচ্ছেন। আর কয়েকদিন পরেই অনুশীলনে নামবেন বিরাট কোহলিরা।












Click it and Unblock the Notifications