গ্রিনের শতরান, খোয়াজা নজির গড়ে দ্বিশতরানের দিকে! আমেদাবাদ টেস্টে চারশো পার অস্ট্রেলিয়ার
আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে চারশোর উপর রান তুলে ফেলল। উসমান খোয়াজার পর শতরান হাঁকালেন ক্যামেরন গ্রিন।
আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া পেরিয়ে গেল চারশো রানের গণ্ডি। আজ টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে অজিদের স্কোর ৭ উইকেটে ৪০৯। উসমান খোয়াজার পর শতরান হাঁকিয়েছেন ক্যামেরন গ্রিন। প্রথম সেশনে একটি উইকেটও ফেলতে পারেনি ভারত। তবে দ্বিতীয় সেশনে তিনটি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গতকাল তিনিই প্রথম আঘাত হেনেছিলেন অস্ট্রেলিয়ার ইনিংসে।

গ্রিনের শতরান
উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন পঞ্চম উইকেটে ২০৮ রান যোগ করেন। কেরিয়ারের ২০তম টেস্টে প্রথম টেস্ট শতরান হাঁকান গ্রিন। ১৮টি চারের সাহায্যে ১৭০ বলে ১১৪ রান করে তিনি অশ্বিনের বলে কট বিহাইন্ড হন। ৩৭৮ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ১৩১তম ওভারের দ্বিতীয় বলে গ্রিনকে আউট করার পর এই ওভারেরই শেষ বলটিতে অ্যালেক্স ক্যারিকেও ফেরান অশ্বিন। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ৪ বলে শূন্য রান করেন।

খোয়াজার নজির
অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটটি পড়ে ১৩৫.৩ ওভারে, ৩৮৭ রানের মাথায়। ২০ বলে ৬ রান করে মিচেল স্টার্ক অশ্বিনের শিকার। এরপর নাথান লিয়ঁকে নিয়ে অস্ট্রেলিয়াকে চারশো রানের গণ্ডি পার করে দেন খোয়াজা। ২০০১ সালে ম্যাথু হেডেন চেন্নাই টেস্টে ২০৩ রান করেছিলেন। তারপর খোয়াজাই প্রথম অস্ট্রেলিয়ার ওপেনার, যিনি ভারতে এসে টেস্টে কোনও ইনিংসে দেড়শোর উপর রান করলেন। এ ছাড়া ভারতে এসে টেস্টে অস্ট্রেলিয়ার আরও দুই ওপেনার দেড়শোর উপর রান করেছিলেন। ১৯৫৬ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১৬১ রান করেছিলেন জিম বার্ক। ১৯৭৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রাহাম ইয়ালপ ১৬৭ রানের ইনিংস খেলেছিলেন।

ভারতে সফল বিদেশি ওপেনারদের খতিয়ান
২০০৩ সালে হেডেনের পর মাত্র পাঁচজন ওপেনার ভারত সফরে এসে কোনও ইনিংসে দেড়শোর উপর রান করেছেন। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল (২০০৪ সালে কানপুর টেস্টে ১৬৩ রান), নিল ম্যাকেঞ্জি (২০০৮ সালে চেন্নাইয়ে অপরাজিত ১৫৫), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (২০১০ সালে হায়দরাবাদ টেস্টে ২২৫), ইংল্যান্ডের অ্যালাস্টেয়ার কুক (২০১২ সালে আমেদাবাদ টেস্টে ১৭৬ ও কলকাতা টেস্টে ১৯০ রান) এবং দক্ষিণ আফ্রিকার ডিন এলগার (২০১৯ সালে বিশাখাপত্তনম টেস্টে ১৬০)। হেডেন ও ম্যাকালামের পর এবার খোয়াজার সামনে রয়েছে দ্বিশতরানের হাতছানি। ২১টি চারের সাহায্যে তিনি আপাতত ৪২১ বলে ১৮০ রান করে অপরাজিত আছেন। ইতিমধ্যেই অজি ওপেনার হিসেবে টেস্টে বলের নিরিখে দীর্ঘতম ইনিংসটি খেলেছেন খোয়াজা। কেন না, হেডেন ২০৩ করেছিলেন ৩২০ বল খেলে।

অশ্বিন ছুঁলেন কুম্বলেকে
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাসকর ট্রফিতে কেরিয়ারের ২২তম টেস্ট খেলতে নেমে তিনি ধরে ফেললেন অনিল কুম্বলেকে। কুম্বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্টে ১১১টি উইকেট নিয়েছিলেন। সেই নজির ইন্দোরে ভেঙে দেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ। তিনি ভারতের বিরুদ্ধে ২৬তম টেস্ট খেলছেন আমেদাবাদে। লিয়ঁ ভারতের বিরুদ্ধে টেস্টে ১১৩টি উইকেট দখল করেছেন। অশ্বিন আর একটি উইকেট পেলে পেরিয়ে যাবেন অনিল কুম্বলেকে। অশ্বিন ৪১ ওভার বল করেছেন ১১টি মেডেন ৮৩ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট।












Click it and Unblock the Notifications