IND vs ENG: কবে-কোথায় পাবেন ইডেনে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের টিকিট? বিস্তারিত আপডেট দিল সিএবি
নতুন বছরের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। আগামী ২২ জানুয়ারি ইডেনে টি২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আবার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ইডেনে। টি২০ বিশ্বকাপ জয়ের পর ইডেনে প্রথমবার খেলতে আসছে ভারতীয় দল।
ইডেনে ম্যাচ হলেই টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। আইপিএল হোক বা ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ক্রিকেটের নন্দন কাননে গ্যালারি খালি থাকে না। সোমবারই ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিল সিএবি। অফ লাইনেও ক্রিকেট প্রেমীরা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি২০ ম্যাচের টিকিট পেতে পারেন। কবে, কোথায় এই টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা? সেই বিষয়েই বিস্তারিত তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সোমবার সিএবির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ২২ জানিয়ারি ইডেনে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের টি২০ ম্যাচের সীমিত সংখ্যক টিকিট সরাসরি কাউন্টার থেকে বিক্রি করা হবে। ২৫০০, ২০০০, ১৩০০ এবং ৮০০ টাকার টিকিট স্টক থাকা পর্যন্ত আগে এলে আগে পাবেন ভিত্তিতে আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বিক্রি করা হবে। টিকিট পাওয়া যাবে ইডেনের ৪ নম্বর গেটের কাউন্টার থেকে বিক্রয় করা হবে। বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি zomato, insider.in, paytm থেকেও টিকিট বুক করতে পারবেন ক্রিকেট প্রেমীরা।
একইসঙ্গে সদস্যদের জন্যও টিকিট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএবি। সদস্যরা তাদের মেম্বারশিপ কার্ড দাখিল করে কমপ্লিমেন্টারি টিকিট সংগ্রহ করতে পারবেন। আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি ইডেনের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইডেনের ৫,৬,,৭,৮ নম্বর গেটের কাউন্টার থেকে সদস্যরা এই ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। এই দুই দিন ব্যতীত অন্য কোনও দিনে সদস্যদের জন্য মেম্বারশিপ টিকিট ইস্যু করা হবে না।
ইতিমধ্যেই টি২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর চোট কাটিয়ে আবার ভারতীয় দলে ফিরেছেন মহম্মদ শামি। ফলে ইডেনেই শামির আন্তর্জাতিক ম্যাচে প্রত্যাবর্তন হতে পারে। এর আগে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারেতে খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামির ফিটনেস দেখে নিতে তাঁকে টি২০ দলে ফেরানো হয়েছে।












Click it and Unblock the Notifications