বয়স ভাঁড়ানো ও দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ, তথ্য যাচাই প্রক্রিয়া শুরু সিএবি-র
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধে খেলাধুলো বন্ধ। তবে কার্যত লকডাউনের পরিস্থিতিতেও হাত গুটিয়ে বসে নেই সিএবি। বরং আগামী মরশুমের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হলো বয়স ভাঁড়ানো-সহ সবরকম দুর্নীতি বা জালিয়াতি রোধের লক্ষ্যে।

সিএবি আগেই জানিয়েছিল স্বচ্ছতা বজায় রেখেই চলা হবে। তবু সিএবি কর্তাদের আশঙ্কা কিছু ফাঁক সম্ভবত রয়েও গিয়েছে। আগামী মরশুমে তাই ফুল-প্রুফ ব্যবস্থাপনার লক্ষ্যে তথ্য যাচাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিএবি। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্ট খেলতে ২০২০-২১ মরশুমে ক্রিকেটারদের বিস্তারিত তথ্য সম্বলিত যে নথিপত্র জমা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এগুলি খতিয়ে দেখে তা তুলে দেওয়া হবে ভেরিফিকেশন সেলের হাতে। সেই সেল সেগুলিকে আরও খুঁটিয়ে দেখতে পারে। ভবিষ্যতে দুর্নীতি রোধে কী কী করা উচিত সে ব্যাপারেও নীতি নির্ধারণ করবে ওই সেল। সময় নির্ধারিত করে গোটা প্রক্রিয়াটি সেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে সমস্ত কিছুতেই স্বচ্ছতা বজায় থাকে।
বয়স ভাঁড়ানো, জাল নথি দিয়ে ক্রিকেটারদের খেলানো ময়দানে নতুন নয়। তবে তা বন্ধ করতে সক্রিয় হয়ে এই প্রথমবার স্বচ্ছতা আনার লক্ষ্যে ভেরিফিকেশন সেল তৈরি করেছে সিএবি। সিএবি-র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, লকডাউনের মধ্যেই এই নথিপত্র খতিয়ে দেখার কাজ করছে সিএবি-র ডেটাবেস দেখভালের দায়িত্বে থাকা এজেন্সি। হতেই পারে জমা পড়া নথিপত্রে কোনও জাল বা বিকৃত করা নথি জমা দেওয়া হয়েছে। সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কিছু থাকলে তা আগামী মরশুম শুরুর আগেই ছেঁটে ফেলা সম্ভব হবে। কোনওরকম অনিয়ম সামনে এলে করা হবে কড়া পদক্ষেপ।












Click it and Unblock the Notifications