Cyclone Dana Impact: আসছে দানা, পিছিয়ে যাবে বাংলা-কেরল রঞ্জি ম্যাচ? বিসিসিআইকে বিশেষ আর্জি সিএবি-র
Cyclone Dana Impact: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। কাল রাতের দিকে ল্যান্ডফল হওয়ার আশঙ্কা। যার প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার বিভিন্ন জেলায়।
কলকাতায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের কাছে বিশেষ আর্জি জানাল সিএবি।

শনিবার থেকে রঞ্জিতে বাংলা-কেরল ম্যাচ শুরুর কথা। তার পরের দিন কর্নেল সিকে নাইডু ট্রফিতে বাংলার অনূর্ধ্ব ২৩ দলের ম্যাচ রয়েছে কল্যাণীতে। ঘূর্ণিঝড়ের জেরে সেই ম্যাচ দুটি পিছিয়ে দেওয়ার জন্য বিসিসিআই সচিব জয় শাহকে অনুরোধ করল সিএবি।
বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় কল্যাণীতে ভেস্তে গিয়েছিল বাংলা-বিহার রঞ্জি ম্যাচ। গ্রুপের সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে যেখানে বাংলা সাত পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে নামতে হয়েছিল, তাতেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। রোদ ওঠার পরেও খেলা হয়নি। এই ব্যাপারে অসন্তোষ রয়েছে বাংলা শিবিরে।
সিএবি কর্তারা অবশ্য এখন কল্যাণীতে ম্যাচ আয়োজনের ব্যর্থতা নিয়ে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত। বিসিসিআইয়ের কাছে ম্যাচ অফিসিয়ালদের জমা দেওয়া রিপোর্ট সিএবির অস্বস্তি বাড়াতেই পারে। এমনকী ভবিষ্যতে কল্যাণী ম্যাচ পাবে কিনা তা নিয়েও সংশয় কাটেনি।
বিসিসিআইয়ের নির্দেশ ছিল, নৈশালোকে মেয়েদের টুর্নামেন্ট ইডেনে করতে হবে। ফলে বাংলা দলকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খেলার জন্য। কিন্তু সেখানে পাটা উইকেটে ম্যাচে ফয়সালার সম্ভাবনা কম থাকায় বাংলা দল রঞ্জির দুটি হোম ম্যাচ কল্যাণীতেই খেলতে চায় বলে জানা যাচ্ছে।
কল্যাণীতে এমন কিছু বৃষ্টি হয়নি যে চার দিনে একটা বলও খেলা যাবে না। কিন্তু সেখানকার মাঠ পরিচর্যার পরিকাঠামো যেমন প্রশ্নের মুখে পড়েছে, তেমনই ক্ষোভ বাড়ছে সিএবি কর্তাদের উদাসীনতা নিয়েও। এই পরিস্থিতিতে বাংলার রঞ্জি ম্যাচ নিয়ে আসা হয়েছে সল্টলেকে। অনূর্ধ্ব ২৩ দলের ম্যাচ দেওয়া হয়েছে কল্যাণীতে।
কিন্তু কলকাতায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঝড়-বৃষ্টি ক্রমেই বাড়বে। ফলে শনিবার রঞ্জি ম্যাচ শুরু হওয়া নিয়েই রয়েছে অনিশ্চয়তা। যদিও কল্যাণীর ভুল থেকে শিক্ষা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠটি কভার দিয়ে পুরো ঢেকে রাখা হয়েছে। বিহার ম্যাচে যে পয়েন্ট নষ্ট হয়েছে তাতে বাংলার নক আউটে যাওয়া কঠিন হয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে দানাকে হাতিয়ার করে ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানাল সিএবি। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বিসিসিআই। এদিকে, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও অভিষেক পোড়েল ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের জন্য। ফলে কেরল ম্যাচে বাংলার শক্তি কমেছে। দলে ডাক পেয়েছেন সাকির হাবিব গান্ধী ও ঈশান পোড়েল।
এদিকে, কর্নেল সিকে নাইডু ট্রফির ম্যাচে বাংলা ১০ উইকেটে হারিয়ে দিয়েছে রাজস্থানকে। কল্যাণীতে রবিবার থেকে বাংলার পরবর্তী ম্যাচ রেলওয়েজের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications