মমতার ঘোষণাকে স্বাগত অভিষেকের! ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজে গ্যালারিতে দর্শকরা?
বাংলায় করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ওমিক্রন সংক্রমণ বাড়ার সময় রাজ্য সরকার যে বিধিনিষেধগুলি জারি করেছিল ক্রমান্বয়ে তা শিথিল করা হয়েছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্টেডিয়ামের দর্শকাসনের ৭৫ শতাংশ ভর্তি রেখে খেলাধুলো আয়োজন করা যাবে। এই ঘোষণাকে স্বাগত জানালেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

রাজ্যে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি
আজ যে নির্দেশিকা জারি হয়েছে তা থাকবে ১৫ ফেব্রুয়ারি অবধি। ফের ১৬ তারিখ থেকে জারি হবে নয়া নির্দেশিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ইডেনে সিএবি বিভিন্ন ম্যাচ তথা আইপিএলও আয়োজন করবে। যদিও আইপিএল কলকাতায় হওয়ার সম্ভাবনা এখনই নেই। বিভিন্ন তথ্য সামনেও আসছে। একবার শোনা যাচ্ছে গোটা আইপিএলই হতে পারে মুম্বই এবং খুব প্রয়োজন হলে তার সঙ্গে পুনেতে। আবার এমনটাও শোনা যাচ্ছে মুম্বই বা মহারাষ্ট্রে লিগ পর্বের খেলাগুলি সেরে নক আউট পর্ব নিয়ে যাওয়া হতে পারে আমেদাবাদে।

কলকাতায় কী হবে?
কলকাতায় দর্শক প্রবেশের অনুমতির কথা ঘোষণা বা আইপিএলের কথা মুখ্যমন্ত্রী বলায় জল্পনা তৈরি হয়েছে সেক্ষেত্রে কলকাতাতেও আইপিএলের নক আউট পর্ব আনা হবে কিনা তা নিয়ে। তবে তার আগে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইডেনে রয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজের তিনটি ম্যাচ। আমেদাবাদে ইতিমধ্যেই ভারতীয় দলের সকলে পৌঁছে গিয়েছেন। কাল থেকে তিনদিনের নিভৃতবাস। ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি আমেদাবাদে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের ম্যাচগুলি। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা অধিনায়ক, দলে রয়েছেন কায়রন পোলার্ড। আইপিএলের আগে এই দুই ক্রিকেটার সাদা বলের ক্রিকেটে নিজেদের দেশকে নেতৃত্ব দেবেন। পোলার্ড রোহিতের দলের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছেন। দেশের মাটিতে টি ২০ সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে ভারতে পা রাখছে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা।

আত্মবিশ্বাসী সিএবি
আমেদেবাদ থেকে কলকাতা পৌঁছাবে দুই দল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বিবৃতিতে জানিয়েছেন, স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক রেখে খেলাধুলো আয়োজনের অনুমতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব-সহ রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা নিশ্চিতভাবেই খেলাধুলোর সঙ্গে জড়িত সকলের জন্য খুশির খবর। গত নভেম্বরে সিএবি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করে এবং গ্যালারিতে ৭০ শতাংশ দর্শক রেখে সফলভাবেই ভারত-নিউজিল্যান্ড টি ২০ ম্যাচ আয়োজন করেছিল। ঠিক একইভাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ আয়োজন করতেও আত্মবিশ্বাসী সিএবি। কোভিড-বিধি মেনে স্থানীয় ক্রিকেটও দ্রুত শুরু করা হচ্ছে। ১৫ বছরের ঊর্ধ্বে যাঁরা সিএবি লিগ খেলবেন তাঁদের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ইডেনেই শিবির আয়োজন করা হয়েছিল। তেমনভাবেই ইডেনে শিবির আয়োজন করে ক্রিকেটারদের দ্বিতীয় ডোজের বন্দোবস্ত করা হবে লিগ শুরুর আগে।
ছবি- সিএবি মিডিয়া

বিসিসিআইয়ের পদক্ষেপে নজর
আমেদাবাদে দর্শকশূন্য গ্যালারিতেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ হওয়ার কথা। সেক্ষেত্রে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি মিলবে কিনা সেটাই বড় প্রশ্ন। সাংবাদিকদের ম্যাচ কভারের জন্যে অ্যাক্রিডিটেশনের যে ব্যবস্থা হয়েছে সেখানে ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি চিত্র সাংবাদিকদের মাঠে প্রবেশাধিকার নেই। তবে পরিবর্তিত পরিস্থিতিতে যদি ইডেনে দর্শক প্রবেশের ব্যাপারে বিসিসিআইয়ের সবুজ সঙ্কেত আসে তাহলে নিশ্চিতভাবেই ক্রিকেটপ্রেমীদের কাছে বড় খবর হতে চলেছে।












Click it and Unblock the Notifications