ইয়াস মোকাবিলায় হাতিয়ার ইডেন, ময়দানের মালিদের রক্ষার্থে দারুণ বন্দোবস্ত সিএবি-র
ইয়াস যতটা তাণ্ডব কলকাতা-সহ বাংলায় চালাবে বলে আশঙ্কা ছিল ততটা না হওয়ারই ইঙ্গিত রয়েছে। তা সত্ত্বেও ভালো বেগে ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সাবধানতার মার নেই। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে ময়দানের বিভিন্ন তাঁবুতে থাকা মালি-সহ সকলকে রক্ষা করতে মানবিক পদক্ষেপ করেছে সিএবি।

গতকালই সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া সিএবি অনুমোদিত ক্লাব ও ক্রীড়া সংস্থাগুলিকে চিঠি পাঠিয়ে বলেছিলেন, ইডেনের গ্যালারির নীচে ইয়াসের জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। ময়দানে যাদেরই তাঁবু আছে এবং মাঠকর্মী-সহ সকলে যাঁরা সেখানে থাকেন তাঁদের জন্য আজ বিকেল থেকেই খুলে যাবে ইডেনের দরজা।

প্রায় ১০০ জন ইতিমধ্যেই ইডেনের সেই অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। ২৮ মে সকাল অবধি তাঁরা সেখানে থাকতে পারবেন। থাকা, খাওয়ার সমস্ত বন্দোবস্ত নিজে দাঁড়িয়ে দেখভাল করছেন সিএবি-র যুগ্ম সচিব দেবব্রত দাস। অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়দের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন সকলেই। এর আগে করোনা পরিস্থিতিতে ইডেনে সেফ হোমও তৈরি করা হয়েছিল ইডেনের গ্যালারির একাংশে।

এরই মধ্যে বর্ষা আসার আগে পিচ তৈরির প্রস্তুতিও শুরু করে দিল। ইতিমধ্যেই ৬০টি ট্রাকে করে ভালো মানের মাটি নিয়ে আসা হয়েছে পিচ তৈরির জন্য। করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং সরকারি অনুমতি মিললেই পিচের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ২০২১-২২ মরশুমের জন্য সিএবি-র অধীনে থাকা মাঠগুলির পিচ তৈরির জন্য মাটি কেনা হয়েছে। ইডেনেই তা আপাতত রাখা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই সবরকম সুরক্ষাবিধি মেনে ক্রিকেট মরশুম এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে কোনওভাবেই ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের সুরক্ষার সঙ্গে কোনও আপোস করা হবে না। তৃণমূলস্তর থেকে ক্রিকেটারদের ভালো উইকেট উপহার দিতে কিউরেটরদের পরামর্শেই সবরকম ব্যবস্থা করছে সিএবি।












Click it and Unblock the Notifications