বেঙ্গালুরুতে বিধ্বংসী বুমরাহ-শামি! দিন-রাতের টেস্টে প্রথম দিনেই শ্রীলঙ্কাকে চেপে ধরল ভারত
বেঙ্গালুরুতে গোলাপি বলে দিন-রাতের টেস্টও পাঁচ দিনে গড়াবে না। প্রথম দিনেই তা স্পষ্ট। আজ সারাদিনে পড়ল ১৬ উইকেট। দিন-রাতের টেস্টে যা নয়া রেকর্ড। ভারতের প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি ছিলেন বিধ্বংসী মেজাজে। ৫০ রানেই ৫ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩০ ওভারে ৬ উইকেটে ৮৬।

শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাতটি হেনেছিলেন বুমরাহ। তৃতীয় ওভারে প্রথম বলেই আউট হন কুশল মেন্ডিস ৭ বলে তিনি করেন ২। ২ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর ১৪ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪.১ ওভারে লাহিরু থিরিমানে ৬ বলে ৮ রান করে বুমরাহর দ্বিতীয় শিকার হন। ৫.১ ওভারে অধিনায়ক দিমুথ করুণারত্নের উইকেট ছিটকে দেন মহম্মদ শামি। তিনি করেন ১৩ বলে ৪। ১১.৫ ওভারে ২৮ রানে শ্রীলঙ্কার চতুর্থ উইকেটটি পড়ে। ২৪ বলে ১০ রান করে শামির বলে লেগ বিফোর হন ধনঞ্জয় ডি সিলভা। ১৭.৩ ওভারে চরিথ আসালঙ্কার উইকেটটি তুলে নেন অক্ষর প্যাটেল। ৮ বলে ৫ রান করেন তিনি, ৫০ রানেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের অর্ধেক সাজঘরে ফিরে যায়।

এরপর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও নিরোশন ডিকওয়েলা। তবে চিন্নাস্বামীর চ্যালেঞ্জিং উইকেটে তাঁরা স্বস্তিতে ছিলেন না একেবারেই। ২৮.১ ওভারে অ্যাঞ্জেলোর উইকেটটি তুলে নেন বুমরাহ। শ্রীলঙ্কার এই দলে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৫ বলে ৪৩ রান করেন। শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটটি পড়ে ৮৫ রানের মাথায়। এই ওভারের পঞ্চম বলে রিভিউ নিলে লাসিথ এম্বুলডেনিয়ার উইকেটটিও পেতে পারতেন বুমরাহ। কিন্তু এম্বুলডেনিয়ার পায়ে বল লাগলেও ডিআরএসের আশ্রয় নেয়নি ভারত।

নিরোশন ডিকওয়েলা ২৯ বলে ১৩ ও লাসিথ এম্বুলডেনিয়া শূন্য রানে অপরাজিত রয়েছেন। এখনও অবধি এই টেস্টে ভারতের সফলতম বোলার জসপ্রীত বুমরাহ তিনটি মেডেন-সহ ৭ ওভারে ১৫ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল ৫ ওভার বল করেছেন, ১ মেডেন, ২১ রানের বিনিময়ে নেন ১ উইকেট। মহম্মদ শানি ৬ ওভারে ২টি মেডেন-সহ ১৮ রানে ২ উইকেট দখল করেছেন। রবিচন্দ্রন অশ্বিন ৬ ওভার বল করেছেন ১ মেডেন ১৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। রবীন্দ্র জাদেজার ৬ ওভারে ১ মেডেন ১৫ রানের বিনিময়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications