রাসেলের শততম ম্যাচ, নাইটদের ঘরের ফেরার ম্যাচ ঘিরে কলকাতায় ক্রিকেট উৎসব
আইপিএলে আজ নাইটদের ঘরে ফেরার পালা, তিন বছর পর ইডেন গার্ডেন্সে আবার খেলতে নামছে কেকেআর। প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ বসন্তে কলকাতায় ক্রিকেট কার্নিভাল। করোনার কালবেলা পেরিয়ে ক্রিকেটের স্বর্গদ্যানে ফিরছে আইপিএলের ধামাকা।
মাঝে কয়েকটা বছর আন্তর্জাতিক ম্যাচ হলেও আইপিএলে গ্ল্যামার থেকে অনেকটাই বঞ্চিত ছিল ক্রিকেটের নন্দনকানন। কলকাতাবাসীর কিন্তু সেই আক্ষেপ মিটতে চলেছে বৃহস্পতিবারের সন্ধ্যায়। গোটা তিলোত্তমা সেজে উঠেছে বেগুনি রঙে। নীল সাদার রাজধানীতে এখন শুধুই বেগুনি রং। ঘরে ফেরার এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী কেকেআর টিম ম্যানেজমেন্টও। আনুষ্ঠানিক নাম দেয়া হয়েছে, 'বাড়ি ফিরছি আবার, আমি কেকেআর'।

আরসিবির বিরুদ্ধে আইপিএল কেরিয়ারে শততম ম্যাচটি খেলতে নামছেন আন্দ্রে রাসেল। কেকেআর শিবিরের আশা ভরসার অন্যতম নাম রাসেল। নিজের সেঞ্চুরি ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইবেন ক্যারিবিয়ান তারকা। বিকেলের পর থেকে কলকাতা সব রাস্তায় হবে আজ ইডেনমুখী। মেগা ম্যাচে ইডেনের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে। বিশেষ আকর্ষণ ড্রোন শো।
তবে ইডেনের দর্শকদের জন্য একগুচ্ছ নয়া নির্দেশিকা থাকছে সিএএ সম্পর্কিত কোনও রকম পোস্টার নিয়ে মাঠে ঢুকতে পারবেন না সমর্থকরা। পাশাপাশি পাওয়ার ব্যাংক, লাইটার, সেলফি স্টিক, লাঠি ,ব্যাকপ্যাক,জলের বোতল, ছাতা, ক্যামেরা ,ধারালো অস্ত্র, খাবার, হেলমেট প্রভৃতি জিনিস বাদ দিয়েই মাঠে প্রবেশ করতে হবে দর্শকদের।

ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনে সতর্ক পুলিশ প্রশাসন। নিরাপত্তায় কোন ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান। পাশাপাশি আইপিএল মানে ভিআইপিদের রমরমা। তাই নিরাপত্তায় নিয়ে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। এদিকে মেট্রোরেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ম্যাচ শেষের পর রাত ১২.১৫ মিনিটে আপ এবং ডাউনে স্পেশাল মেট্রো ট্রেন চালানো হবে।
এদিকে বাংলা ক্রিকেটের জন্য সুখবর। শ্রেয়স আইয়ারের পরিবর্তে কেকেআর দলে আসতে পারেন বাংলার প্রতিশ্রুতিবান ক্রিকেটার সুদীপ ঘরামি। বুধবার নেটে আন্দ্রে রাসেল,ডেভিড ওয়াইসের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। তবে এখনো তাকে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট ।কোচ চন্দ্রকান্ত পণ্ডিত চাইছেন ধরে খেলতে পারেন এমন কোন ব্যাটসম্যানকে শ্রেয়স আইয়ারের বিকল্প হিসেবে দলে নিতে। নৈহাটির বঙ্গ সন্তানের ভাগ্যে শিকে ছিড়লে তা কিন্তু বাংলা ক্রিকেটের জন্য দারুন একটা বিজ্ঞাপণ হবে। কেকেআরের পরবর্তী হোম ম্যাচের আগে শ্রেয়সের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা হতে পারে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications