আইপিএল ঘুষ কাণ্ডে রায়না, জাদেজা ও ব্রাভোকে 'ক্লিনচিট'
নয়াদিল্লি, ২৯ জুন : গত কয়েকদিন ধরেই ভারতীয় রাজনীতিকে উথালপাতাল করে দেওয়া চরিত্র, প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদীর যাবতীয় অভিযোগ খারিজ করে সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়েন ব্রাভোকে ক্লিনচিট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ললিত মোদী অভিযোগ করেন, ২০১৩ সালের আইপিএল চলাকালীন মুম্বইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ কোটি টাকা করে ঘুষ নেন রায়নারা। এদিন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর বলেন, "ললিত মোদী আইসিসিকে একটি চিঠি লেখেন। তা ভারতীয় বোর্ডকে জানায় আইসিসি। তিনজন খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। আর এখনও পর্যন্ত এঁদের বিরুদ্ধে আইসিসি কোনও প্রমাণ খুঁজে পায়নি। ফলে তাকে একপ্রকার ক্লিনচিটই বলা যায়।"

অনুরাগের আরও ব্যাখ্যা, যখন কেউ আন্তর্জাতিক খেলোয়াড় হন, তাঁর বিষয়ে খোঁজ রাখা আইসিসির দায়িত্ব। তাঁরা তেমন কিছু খোঁজ পেলে নিশ্চয়ই বিসিসিআইকে জানাবে।
প্রসঙ্গত, গতকাল ললিত মোদীর বিতর্কিত মেইল পেয়েছে বলে সরকারিভাবে স্বীকার করে আইসিসি। ২০১৩ সালের জুন মাসে তা পাঠানো হয়েছিল। সেখানেই সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়েন ব্রাভোর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়।












Click it and Unblock the Notifications