পেলের স্মৃতিবিজড়িত ইডেনে কাফুর সঙ্গে দেখা সৌরভের, আলোচনায় উঠল কোন প্রসঙ্গ?
কসমস ক্লাবের হয়ে ইডেনে মোহনবাগানের বিরুদ্ধে খেলে গিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। এখন ইডেনে আর ফুটবল হয় না। অনেক বদল এসে ইডেন এখন ক্রিকেটের নন্দনকানন। সেখানেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু।

কাফুর সঙ্গে সৌরভের সাক্ষাৎ
কাফু কলকাতায় এসেছেন ৪ নভেম্বর। আজই তাঁর সফরের শেষ দিন। ২০ নভেম্বর থেকে শুরু কাতার বিশ্বকাপ। তার আগে সৌরভের সঙ্গে কাফুর সৌজন্য বৈঠকে উঠল বিশ্বকাপের প্রসঙ্গ। ক্রিকেটের প্রসঙ্গও এলো। কাফু যখন ব্রাজিলকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতান, তখন সৌরভ ভারতের ক্রিকেট অধিনায়ক। সৌরভ নিজে এবার কাতার বিশ্বকাপ দেখতে যাবেন। সৌরভ কাফুকে জানান, তিনি ব্রাজিলের সমর্থক, তবে দিয়েগো মারাদোনার ভক্ত।

ব্রাজিলের ভক্ত মহারাজ
২০১৪ সালে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭ গোল হজমকে সৌরভ এখনও মানতে পারেন না। তিনি বলেন, আমি ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলে সেমিফাইনাল ও ফাইনাল দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। টিকিট কাটাও হয়ে গিয়েছিল। তখন ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েছিল। আমাকেও সেখানে যেতে হয়। কাজকর্ম মিটিয়েই ব্রাজিল-জার্মানি সেমিফাইনাল দেখার জন্য টিভি খুলি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না।

২০১৪ সেমিফাইনালের কথা
উল্লেখ্য, সেই বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানি ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ১১ মিনিটে প্রথম গোলটি করেছিলেন থমাস মুলার। ২৩ মিনিটে মিরোস্লাভ ক্লোসে, ২৪ ও ২৬ মিনিটে টনি ক্রুস ও ২৯ মিনিটে সামি খেদিরা গোল করেছিলেন। ৬ মিনিটের মধ্যে চারটি গোল। সৌরভ বলেন, ভাবতেই পারছিলাম না। টিভির সামনে গিয়ে দেখি জার্মানি এতগুলি গোল করে ফেলেছে। চোখ কচলেও দেখি। আসলে বিশ্বাসই করতে পারছিলাম না। কীভাবে ব্রাজিল ওই অল্প সময়ে অতগুলি গোল হজম করেছিল তা দুর্বোধ্য কাফুর কাছেও।

ফিটনেসে মুগ্ধ
কাফু কলকাতায় এসে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পাশাপাশি প্রদর্শনী ম্যাচেও খেলতে নেমেছিলেন। দুটি গোলও করেন। ৫২ বছরেও কাফু যতটা ফিট, যেভাবে দৌড়েছেন তাতে মুগ্ধ সৌরভ নিজেও। জানতে চান, কাফু নিজেকে ফিট রাখার জন্য কেমন প্রস্তুতি নেন? এই বয়সেও সপ্তাহে দিন তিনেক কাফু ১০ কিলোমিটার করেও দৌড়ান। সৌরভের এখন ৫০ বছর, তাঁর ফিটনেসের প্রশংসাও করেন কাফু। সম্প্রতি সৌরভ দাড়ি রাখছিলেন। এদিন অবশ্য তাঁকে দেখা গেল ক্লিন সেভের চেনা লুকেই।

পেলে ও মেসিকে এগিয়ে রাখলেন কাফু
সৌরভের জন্য কাফু নিয়ে এসেছিলেন বুট। সৌরভ বলেন, আমি ব্রাজিলের জিকো, পেলে, কাফু, সক্রেটিস, জর্জিনহোদের খেলা ফলো করেছি। পেলে ও মারাদোনার মধ্যে কে সেরা? এই প্রশ্নও কাফুর কাছে রাখেন মহারাজ। মারাদোনাকে শ্রদ্ধা করলেও পেলেকেই এগিয়ে রাখেন কাফু। এরপর উঠে আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে লিওনেল মেসির তুলনার প্রসঙ্গ। এক্ষেত্রে কাফু অবশ্য সিআর সেভেনের চেয়ে এগিয়ে রাখেন মেসিকেই।
আইএসএলে চান সৌরভ
কাফুর স্ত্রী ব্রাজিলের প্রথম মহিলা ধারাভাষ্যকার। কাফুর জীবনের প্রথমদিকের নানা ঘটনা তুলে ধরে একটি বইও লিখেছেন। তাতে সই করে সেটি সৌরভকে উপহার দিয়েছেন কাফু। তিনি সৌরভের প্রশ্নের উত্তরে জানান, ব্রাজিলের ফুটবলে তিনি এখন কোচিং করান না। কাফুকে কলকাতায় যিনি নিয়ে এসেছেন সেই ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তকে সৌরভ বলেন, কাফুকে কোনওভাবে আইএসএলের কোচিংয়ে যুক্ত করানোর উদ্যোগ নিতে।
ক্রিকেটীয় ব্যাখ্যা
ক্রিকেটের প্রসঙ্গও উঠে আসে। কাফু গত শনিবার যখন ইডেনে গিয়েছিলেন তখন সেখানে চলছিল সৈয়দ মুস্তাক আলি টি ২০ ফাইনাল। সেদিন সৌরভ ইডেনে না থাকলেও ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ারা। সৌরভের কাছে ক্রিকেটের নানা ফরম্যাট সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন কাফু। ব্রাজিলের হয়ে পরপর তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা কাফুকে ক্রিকেটের তিনটি ফরম্যাট সম্পর্কে বুঝিয়ে বলেন সৌরভ। শতদ্রুকে বলেন, ক্রিকেটের মরশুমে পরে কোনও সময় কাফুকে নিয়ে আসতে। ফলে সেই সময় খেলা দেখানোর পাশাপাশি ব্য়াট হাতেও তখন সৌরভ ও কাফুকে দেখা যেতেই পারে।












Click it and Unblock the Notifications