বাদ পড়লেন প্রাক্তন অধিনায়ক! ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তন চন্দ্রপলের ছেলের
২০১৮ সালের পর এই প্রথম ভারত সফরে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। অক্টোবরের ২ তারিখ থেকে প্রথম টেস্ট আমেদাবাদে। দিল্লিতে দ্বিতীয় টেস্ট অক্টোবরের ১০ তারিখ থেকে।
ভারত সফরের দলে রাখা হলো না ১০০টি টেস্ট খেলা প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে। চলতি বছরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম একাদশে ছিলেন না তিনি। এবার বাদ পড়লেন টেস্ট দল থেকেই।

হেড কোচ ড্যারেন সামি ও ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকম্ব ভারতের কন্ডিশনের উপযোগী ক্রিকেটারদের রেখেই দল বেছে নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে ফেরানো হয়েছে শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র তেজনারায়ণ চন্দ্রপলকে। কামব্যাক করলেন আলিক আথানেজ। বাঁহাতি স্পিনার খারি পিয়ের টেস্ট দলে এই প্রথম ডাক পেলেন। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এটিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিদেশ সফর। ২২ সেপ্টেম্বর রওনা দিয়ে ২৪ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ দল পৌঁছে যাবে আমেদাবাদে।
স্পিন খেলতে পারদর্শিতাই তেজনারায়ণের কামব্যাক নিশ্চিত করল বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দলে থাকা কেসি কার্টি, জোহান লেইন ও মিকি লুইসের জায়গা হয়নি ভারত সফরের জন্য ঘোষিত টেস্ট দলে। সহ অধিনায়ক জোমেল ওয়ারিকানের সঙ্গেই দ্বিতীয় স্পিনার হিসেবে দলে রয়েছেন পিয়ের, যিনি এখনও টেস্ট খেলেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে তিনি ১৩.৫৬ গড়ে ৪১টি উইকেট পাওয়ার পুরস্কার হিসেবে টেস্ট দলে সুযোগ পেলেন।
গত জানুয়ারিতে পাকিস্তান সফরে শেষবার টেস্ট খেলেছেন আথানেজ। তিনিও স্পিন খেলতে পারদর্শী। চন্দ্রপল ২০২৪ সালে অস্ট্রেলিয়া সফরে শেষবার টেস্টে খেলেছেন। ভারত সফরে তিনি জন ক্যাম্পবেলের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন। কেভলন অ্যান্ডারসন জায়গা ধরে রেখেছেন। বাকি ব্যাটারদের মধ্যে রয়েছেন অধিনায়ক রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, শেই হোপ, টেভিন ইমলাচ ও ব্র্যান্ডন কিং।
স্পিনার ওয়ারিকান, পিয়েরের সঙ্গে প্রয়োজনে হাত ঘোরাবেন চেজ। সিমারদের মধ্যে দলে রাখা হয়েছে আলজারি জোসেফ, শামার জোসেফ, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস। গুডাকেশ মোতিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০১৮ সালে শেষবার ভারতে ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট দল এসেছিল সেই দলের চার সদস্য- চেজ, হোপ, আলজারি আর ওয়ারিকান এবারের দলেও আছেন।
ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দল- রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, আলিক আথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দ্রপল, জাস্টিন গ্রিভস, শেই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের, জেডেন সিলস।












Click it and Unblock the Notifications