"আমি অথবা দ্রাবিড় দুজনেই কোচ হওয়ার যোগ্য", জল্পনা উসকে বললেন সৌরভ
কলকাতা, ১৬ এপ্রিল : সৌরভ গঙ্গোপাধ্যায় আগামিদিনে কোচিং করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের। সকালে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রচার হতেই শোরগোল পড়ে যায় ক্রিকেট মহলে।
সারাদিন এই খবর নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। সত্যিই তিনি কোচিং করতে চলেছেন বিরাট কোহলি, সুরেশ রায়নাদের? বিকেলে কিন্তু সেই জল্পনা আরও উসকে দিলেন সৌরভ নিজেই। মিডিয়ায় প্রকাশিত খবরে যে কিছুটা সারবত্তা রয়েছে তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি।

এদিন বিকেলে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমেই তিনি জানান, এদিন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার কাছে এব্যাপারে বলতে যাননি তিনি। ঘুরিয়ে তিনি বলেছেন, "আমি সিএবি সচিব, ডালমিয়া সভাপতি ফলে যেকোনও দরকার হলে যেতেই পারি।"
কিন্তু তিনি কি কোচ হতে চান ভারতীয় দলের? কৌতুহল বাড়িয়ে এব্যাপারে কিছুই বলতে চাননি সৌরভ। মিডিয়াকে শুধু গুজব ছড়াতে বারণ করেন তিনি। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি অথবা রাহুল দ্রাবিড় কে কোচ হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের?
এই একবারই লাজুক হেসে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ জানান, তিনি অথবা দ্রাবিড় যে কেউই ভারতীয় দলের কোচের দায়িত্ব পালনে যোগ্য।
আমি অথবা দ্রাবিড় যে কেউই ভারতীয় দলের কোচের দায়িত্ব পালনে যোগ্য : সৌরভ
বিশ্বকাপের পরেই ডানকান ফ্লেচারের কোচ হিসেবে সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। এরপরই নতুন কোচের সন্ধানে নেমেছে বোর্ড। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, লালচাঁদ রাজপুত, সঞ্জয় বাঙ্গার সহ তালিকায় অনেক নাম থাকলেও হঠাৎ করেই বঙ্গসন্তান সৌরভের নাম অনেকটাই এগিয়ে রয়েছে কারণ এই মূহুর্তে বোর্ড সভাপতি আর কেউ নন, সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এই মাসের মধ্যেই কোচ নিয়ে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছনো যাবে। শেষ পর্যন্ত যদি বাংলার 'দাদা' কোচ হয় ভারতীয় ক্রিকেট দলের তাহলে সেটাই হবে নববর্ষে বাঙালির সবচেয়ে বড় পাওনা।












Click it and Unblock the Notifications