Zaheer On Akash: অস্ট্রেলিয়ায় টেস্টে ভারতের একাদশে আকাশ দীপকে চান জাহির খান, মিল পেলেন সিরাজের সঙ্গে
Zaheer On Akash: নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ায় ভারতীয় দল পাঁচটি টেস্ট খেলবে। ১৯৯১-৯২ মরশুমের পর এই প্রথম দুই দেশের মধ্যে টেস্ট সিরিজে পাঁচটি ম্যাচ থাকছে।
জাহির খান চাইছেন, অস্ট্রেলিয়া সফরে ভারতের একাদশে তৃতীয় সিমার হিসেবে আকাশ দীপকে দেখতে। বাংলার পেসার ইতিমধ্যেই মন জিতে নিয়েছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসারের।

জাহির খানের নাম ভাসছিল ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে। যদিও মর্নি মরকেলকে নিয়োগ করা হয়েছে। জাহির আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তথা বোলিং কোচের দায়িত্বে এসেছেন। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জাহির অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের রণকৌশল নিয়ে মুখ খুললেন।
জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের দলে থাকা নিশ্চিতই বলা চলে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট প্রত্যাশা করছে, অস্ট্রেলিয়া সফরে পুরোপুরিভাবে ফিট মহম্মদ শামিকে পাওয়া যাবে। তার আগে বাংলার হয়ে কয়েকটি রঞ্জি ম্যাচে খেলার কথা রয়েছে শামির।
শামির অনুপস্থিতিতে অবশ্য তৃতীয় সিমার হিসেবে দলকে ভরসা দিয়েছেন আকাশ। বাংলাদেশের বিরুদ্ধে ২টি উইকেটও পেয়েছেন চেন্নাই টেস্টে। গত ফেব্রুয়ারিতে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বাংলার পেসারের। তিন ইনিংসে তিনি আপাতত পাঁচটি উইকেট দখল করেছেন।
জাহির বলেছেন, ভারত নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়া সফরে তিন পেসারে নামবে। প্রথম একাদশের কথা ধরলে আকাশ দীপকেই আমি তৃতীয় সিমার হিসেবে দেখছি। ফলে অস্ট্রেলিয়া সফরে অবশ্যই আকাশ দীপকে দলে রাখা উচিত। উল্লেখ্য, রাঁচি টেস্টে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ৮৩ রানের বিনিময়ে জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপকে আউট করেন আকাশ।
আকাশ যেভাবে চতুর্থ স্টাম্প বরাবর বোলিং করেন তাতে মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর বোলিংয়ের মিল পেয়েছেন জাহির। পছন্দ আকাশের অ্যাগ্রেসনও। জাহিরের কথায়, সিরাজ অফ স্টাম্পে চতুর্থ স্টাম্প বরাবর আক্রমণ করতে পছন্দ করেন। টেস্ট ক্রিকেটে গুড লেংথে ফেলে এই লাইনে বোলিং করাটা গুরুত্বপূর্ণ।
জাহির বলেন, আকাশ দীপও ঠিক তেমনভাবেই বল করতে পারেন। একজন পেসারের যে আগ্রাসী ভাব থাকা দরকার, তা রয়েছে আকাশের। তিনি খুবই সম্ভাবনাময় বোলার। সুযোগ পেলে তাঁর আত্নবিশ্বাসও বাড়বে। যাতে উপকৃত হবে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications