বেটিংয়ে কলুষিত ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে, পুনেতে গ্রেফতার ৩৫
ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ঘিরে বড়সড় বেটিং, পুনেতে গ্রেফতার ৩৫
বেটিংয়ে কলুষিত ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে। ম্যাচ চলাকালীন এবং তারপরে পুনে থেকে কুখ্যাত বুকির ৩৫ জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। যা থেকে পুলিশের অনুমান এই অপরাধের সঙ্গে কোনও বড় মাথা যুক্ত। আর কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হয়। ম্যাচ চলাকালীন পুলিশ খবর পায় যে দর্শকশূন্য ওই মাঠের বাইরেই বসেছে বেটিংয়ের আসর। সেই মতো ঘটনাস্থলে হানা দেন আইনের রক্ষকরা। হাতেনাতে গ্রেফতার করা হয় ৩৫ জনকে। ধৃতরা কুখ্যাত বুকির এজেন্ট বলে জানা গিয়েছে। যারা ভারত-ইংল্যাান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের প্রতি বলের তথ্য সরবরাহ করছিল বলে অভিযোগ।
এই অপরাধের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আন্তর্জাতিক বেটিং চক্রের হাত রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ। ২০২০ সালের নভেম্বরে আইপিএল চলার সময় বেটিং চক্রের দুই সদস্যকে গুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। দুই ঘটনার একই সুতোয় বাঁধা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।
সেসবের মধ্যে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে-তে বড় রান খাড়া করেও ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে ভারত। পরে ব্যাট করে সেই লক্ষ্য পেরিয়ে গিয়েছে ইংল্যান্ড। শতরান করেছেন জনি বেয়ারস্টো।












Click it and Unblock the Notifications